বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব আল হাসানের চাহিদা যেন এখনো একটুও কমেনি। মেজর লিগ ক্রিকেটে খেলার পর বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগে ব্যস্ত এই বাংলাদেশি অলরাউন্ডার। আর এবার তাঁর নতুন ঠিকানা হলো নেপাল প্রিমিয়ার লিগ। তৃতীয় আসরের আগে সাকিবকে দলে ভিড়িয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স। নিজেদের ইতিহাসের অন্যতম বড় সাইনিং হিসেবেই সাকিবকে দেখছে দলটি।
সাকিবকে দলে নেওয়ার ঘোষণা দিতে গিয়ে পোখারা অ্যাভেঞ্জার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা দিয়েছে। সেখানে তারা লিখেছে, ‘বিশ্ব ক্রিকেটের মঞ্চ থেকে এবার পোখারার চূড়ায়! ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার এবার নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় মৌসুমে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলবেন। স্বাগতম, সাকিব আল হাসান, পোখারা অ্যাভেঞ্জার্স পরিবারে!’

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট ও বল—দুই বিভাগেই অসামান্য দক্ষতা তাঁকে এনে ফেলছে সর্বকালের সেরাদের কাতারে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সেই অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ। বিশ্বের ৩০টিরও বেশি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলেছেন তিনি। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১২৯ ম্যাচে করেছেন ২ হাজার ৫৫১ রান, নিয়েছেন ১৪৯ উইকেট। আর সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৪৭৮ ম্যাচে তাঁর সংগ্রহ ৭ হাজার ৮৫৩ রান ও ৫১৫ উইকেট। এই পরিসংখ্যানই বলে দেয় কেন বিশ্বের বিভিন্ন লিগে এখনো এতটা মূল্যবান একজন সাকিব।
পোখারা অ্যাভেঞ্জার্স শুধু সাকিবকেই নয়, অভিজ্ঞতার দিক থেকেও শক্তিশালী একটি দল গড়ার পথে হাঁটছে। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার অজন্তা মেন্ডিস। তাঁর অধীনেই এবার নেপালের মাটিতে খেলবেন সাকিব।

নেপাল প্রিমিয়ার লিগ খুব বেশি পুরোনো কোনো টুর্নামেন্ট নয়। ২০২৪ সালে প্রথমবারের মতো যাত্রা শুরু করে এই প্রতিযোগিতা। মাত্র দুই মৌসুমেই দেশটির ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই লিগ, স্টেডিয়াম ভরেছে দর্শকে, সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিল ব্যাপক আলোচনা। আর সেখানে সাকিবের পদধূলি নিশ্চয়ই নেপালের এই লিগকে আরও একধাপ ওপরে নিয়ে যাবে।
Share via:










