কলম্বো স্টার্সের প্রস্তাব পেলেন শরিফুল

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) এবার যেন বাংলাদেশি ক্রিকেটারদের মেলা বসতে চলেছে। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তির টি-টোয়েন্টি আসরে খেলার জন্য কলম্বো স্টার্স থেকে প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

জাতীয় দলের দুই সতীর্থ পেসার তাসকিন আহমেদ এবং ব্যাটার তাওহীদ হৃদয়ের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্রের অপেক্ষা করছেন শরিফুলও। তাসকিনকে দলে নিতে চায় ডাম্বুলা অরা এবং এখনও কোনও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ না খেলা হৃদয়কে প্রস্তাব দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংস।

বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুনও এলপিএলে খেলবেন। দু’জনকেই দলে নিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স।

বর্তমানে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলছেন দারুণ ফর্মে থাকা সাকিব। দারুণ ছন্দে আছেন বর্তমানে জিম আফ্রো টি-টোয়েন্টি লিগে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলা তাসকিনও। ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে এ পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।

জাতীয় দলের খেলা থাকায় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিস করেছেন তাসকিন। কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন এই তারকা পেসার। কিন্তু বিশ্বকাপ সামনে থাকায় কাজের চাপ বিবেচনায় অনাপত্তিপত্র দেয়া হয়নি তাকে।

জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে আইপিএলে লখনৌ জায়ান্টস এবং পিএসএলে মুলতান সুলতানসের প্রস্তাব ফিরিয়ে দেন তাসকিন। এবার এলপিএলেও তাঁকে নিয়ে যদি-কিন্তু আছে।

এশিয়া কাপ ও বিশ্বকাপের দলের পেস আক্রমণের প্রাণভোমরাকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ দল। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ তাসকিনের টানা ম্যাচ খেলার বিপক্ষে।

সেক্ষেত্রে ডাম্বুলা দলকে বিরতি দিয়ে তাসকিনকে খেলানোর শর্ত বেঁধে দেওয়া হবে। ডাম্বুলা রাজি থাকলে তারপরেই আসবে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেটের সিদ্ধান্ত।

এলপিএল আগামী ৩০ জুলাই শুরু হবে। চলবে ২০ আগস্ট পর্যন্ত। খেলা না থাকলেও এ সময় চলবে বিসিবির ক্যাম্প। বিশ্বকাপ ও এশিয়া কাপকে সামনে রেখে।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link