সোবহানা-মারুফাদের প্রতিশোধ, নাকি শেফালি-চরণীদের আধিপত্য?

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারতের কাছে পরাস্ত হওয়ার প্রতিশোধ কি বাংলাদেশের মেয়েরা নিতে পারবেন? নাকি ভারতীয় নারীরা ধরে রাখবেন পুরোনো আধিপত্য?

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারতের কাছে পরাস্ত হওয়ার প্রতিশোধ কি বাংলাদেশের মেয়েরা নিতে পারবেন? নাকি ভারতীয় নারীরা ধরে রাখবেন পুরোনো আধিপত্য? এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে যখন মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী ভারত ও বাংলাদেশ, তখন এই দু’টি প্রশ্ন আসছে ঘুরেফিরে।

পরিসংখ্যানের পাল্লাটা অবশ্য ভারতের দিকেই ঝুঁকে আছে। টি-টোয়েন্টিতে ২৫ ম্যাচের ২২টিতেই বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে নীল জার্সিধারীরা। বিপরীতে, বাংলাদেশের জয় মোটে তিনটি। তবু, পুরোনো ভুলের মাশুল আর দিতে চাইবেন না বাংলাদেশিরা।

জাপানের নিশিনের করোগি স্পোর্টস পার্কের উইকেটটাও বেশ কৌতূহলোদ্দীপক। বেসবল কোর্ট থেকে ক্রিকেট মাঠে রূপ দেওয়া এই ভেন্যুতে বৃষ্টির প্রভাব স্পষ্ট। তাই স্যাঁতস্যাঁতে কন্ডিশন আর ভেজা আউটফিল্ডে শুরুতে পেসাররা সুইংয়ে আলো ছড়াতে পারেন। তবে সময়ের সাথে পিচে গতি কমে আসার সাথে পুরোনো বলে টার্নিং বাড়ার প্রবণতাও দৃশ্যমান এখানে। ফলে, গুরুত্বপূর্ণ মোমেন্টে দুদলের স্পিনাররাও বদলে দিতে পারেন ম্যাচের গতিপথ!

ম্যাচের মোমেন্টাম এনে দেওয়ার মতো অস্ত্র রয়েছে দুই দলেরই হাতে। ভারতের ব্যাটিংয়ে বিধ্বংসী সূচনা এনে দেওয়ার কারিগর বনে যেতে পারেন শেফালি ভার্মা। গত এক বছরে তিনি ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে ৯৫৬ রান করেছেন। সদ্য সমাপ্ত এশিয়ান কাপে সেমিফাইনালে খোদ বাংলাদেশের বিপক্ষেই তাঁর ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলার দৃশ্য এখনও তাজা দর্শকদের চোখে! সাথে আসরটিতে একটি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকানো স্মৃতি মান্ধানার জাদুকরী ব্যাটিং নৈপুণ্যও ভারতের ইনিংসকে বড় করতে নিয়ামক হয়ে উঠতে পারে।

বোলিংয়ে ভারতীয়দের প্রধান ভরসা শ্রী চরণী। চলতি বছরে তিনি নিজের ঝুলিতে ভরেছেন ৪৮ উইকেট। সবশেষ স্বাগতিক জাপানের বিপক্ষেই এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে চার উইকেট শিকার করেছেন তিনি। এ ছাড়া, অলরাউন্ডার দীপ্তি শর্মার কার্যকর স্পিন এবং সময়োপযোগী নক শাপে বর হয়ে উঠতে পারে ভারতের জন্য। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ও সেমিতে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে উইকেট নিয়েছিলেন এই ক্রিকেটার।

বিপরীতে, বাংলাদেশ অপেক্ষায় আছে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটিং ফর্মে ফেরার। এর সাথে, এশিয়া কাপে দুটো ত্রিশোর্ধ্ব ইনিংস খেলা সোবহানা মোস্তারি এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট হেসে উঠলেই কেল্লা ফতেহ!

এর বাইরে, বোলিং বিভাগে শুরুতেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিতে পারেন এশিয়া কাপে আট উইকেট পাওয়া মারুফা আক্তার। সাথে ভারতের রানের চাকা মন্থর করতে স্পিনার নাহিদা আক্তার আর সুলতানা খাতুন দারুণ ভূমিকা রাখতে পারেন।

কোয়ার্টারে চীন ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ার পর র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে বাংলাদেশ সেমিতে ওঠায় খেলোয়াড়রা মানসিক ও শারীরিকভাবে বেশ সতেজ ও চাঙ্গা। এখন দেখার বিষয়, করোগিতে বাংলাদেশের প্রতিশোধের মহাকাব্য লিখতে পারবে, নাকি অক্ষুণ্ণ থাকবে ভারতের আধিপত্য?

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link