প্রথম ম্যাচের গ্লানি ভুলে নিজেদের শক্তির জোরালো বার্তা দিল স্পেন। আটলান্টার মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য বিস্তার করে সৌদি আরবকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
শিরোপা জিততে আসা স্পেন শুরু থেকেই চেপে ধরে সৌদি আরবের রক্ষণভাগ। মাত্র ১০ মিনিটেই ম্যাচের জট খুলে দেন লামিন ইয়ামাল। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েই গোল করে বসেন বার্সেলোনার এই বিস্ময়বালক।

গোল হজমের ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয়বার কাঁপে সৌদি জাল। কর্নার থেকে সৃষ্ট সুযোগে এমেরিক লাপোর্তের স্পর্শে বল পৌঁছে যায় মিকেল ওইয়ারসাবালের কাছে। ঠান্ডা মাথায় ফিনিশ করে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড।
এর কিছুক্ষণ পরই নিজের দ্বিতীয় গোলও তুলে নেন ওইয়ারসাবাল। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। ম্যাচ তখন কার্যত তাদের মুঠোয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেও থামেনি স্প্যানিশ আক্রমণ। ৪৯ মিনিটে আত্মঘাতী গোল হজম করে বসে সৌদি আরব। স্কোরলাইন দাঁড়ায় ৪-০।ম্যাচের যোগ করা সময়ে শেষ আঘাত হানেন ফেরান তোরেস। তবে অফসাইডে সেই গোল বাতিল ঘোষণা করা হয়। তাতে অবশ্য খুব বেশি ক্ষতি হয়নি দলটির। পুরো ম্যাচে দাপট দেখিয়ে ৪-০ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে স্পেন। প্রথম ম্যাচে ড্রয়ের তিক্ততা ভুলে অবশেষে নিজেদের উপস্থিতির জানান দিল ইয়ামালরা।










