বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া!

তাঁর জিনেই যেন লুকিয়ে ছিল ক্রিকেটের অনবদ্য পরাক্রম! যেন ‘বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া’-র মতো ব্যাপার।

তাঁর জিনেই যেন লুকিয়ে ছিল ক্রিকেটের অনবদ্য পরাক্রম! যেন ‘বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া’-র মতো ব্যাপার। বুলাওয়েতে জিম্বাবুয়ের ঘরোয়া অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের এক ওয়ানডেতে সিবিসির মুখোমুখি হয় হেলেনিক একাডেমি।

দলটির হয়ে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজার যোগ্য উত্তরসূরি হিসেবে নিজের রাজকীয় আগমনই জানান দেন ১৩ বছর বয়সী ছেলে ঈসা বাট। সবাইকে স্তব্ধ করে তিনি খেলেন ১৪৬ বলে ২৭৯ প্রাণের অতিমানবীয় ইনিংস।

হেলেনিকের ইনিংসের দ্বিতীয় ওভারেই ওয়ান ডাউনে ব্যাট করতে নামেন ঈসা। এরপরই এক অবিশ্বাস্য মহাকাব্য রচনায় হাত দেন তিনি। দীর্ঘ ২৫৩ মিনিট উইকেটে থেকে ২৭৯ রানের এক দানবীয় ইনিংস খেলেন এই উদীয়মান কিশোর। ১৯১.১০ স্ট্রাইক রেটের এই ঝোড়ো ইনিংসে ছিল ৩০টি চার এবং ২০টি চোখধাঁধানো ছক্কার মার। অর্থাৎ, কেবল চার-ছক্কা থেকেই তিনি সংগ্রহ করেন ২৪০ রান।

চতুর্থ উইকেট জুটিতে তাওয়ানান্যাশা জভবোকে সঙ্গী হিসেবে পেয়ে আরও বিধ্বংসী হয়ে ওঠেন ঈসা। অবিশ্বাস্যভাবে মাত্র ১৬২ বলে তাঁরা স্কোরবোর্ডে যোগ করেন ৩০৭ রান। যার সুবাদে নির্ধারিত ৫০ ওভারে হেলেনিক একাডেমির বিশাল সংগ্রহের অঙ্ক গিয়ে ঠেকে ৫১৮ রানে। শেষপর্যন্ত ৪৩৩ রানের বড় ব্যবধানে জয় পায় ঈসার দল।

এর পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন সিকান্দার পুত্র। বাবার মতোই তাঁর পাওয়ার হিটিংয়ের কারিকুরি পরখ করে সকলেই প্রশংসায় ভাসাচ্ছেন তাঁকে। ব্যাটিং নৈপুণ্যের পাশাপাশি দারুণ নেতৃত্ব গুণও আছে তাঁর।

বিরাট কোহলি, এ বি ডি ভিলিয়ার্স ও বাবর আজমের মতো মহাতারকাদের আদর্শ মানা ঈসা হেলেনিক একাডেমির বয়সভিত্তিক এই দলের অধিনায়কও বটে। এখানেও বাবার সঙ্গে রয়েছে তাঁর মিল। একইসঙ্গে, দলটির উইকেটকিপিংয়ের দায়িত্বও সামলান তিনি।

ঈসার স্বপ্ন একটাই, বাবার সঙ্গে যেকোনো ফরম্যাটে একই দলের হয়ে মাঠে নামা। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাবার বয়স বাড়ছে, হয়তো কিছুদিনের মধ্যেই অবসর নেবেন। তবে, আমি আশা করি আমার ১৮ বছর হওয়া পর্যন্ত অন্তত একটি ফরম্যাটে তিনি খেলা চালিয়ে যাবেন। অবসর নেওয়ার আগে তাঁর সঙ্গে আমি অন্তত একটি ম্যাচ হলেও খেলতে চাই।’

ঈসার সেই স্বপ্ন সত্যি হোক বা না হোক, তিনি যে বাবার পথেই হাঁটছেন সেটা অবশ্য সত্যি হতে চলেছে। সিকান্দার রাজার মতোই পাওয়ার হিটিংয়ের ঐতিহ্য বজায় রেখে তাঁর এই দানবীয় ইনিংস খেলার দৃষ্টান্ত সেটিরই প্রমাণ। ভবিষ্যৎ তাঁকে কোথায় নিয়ে যায় এখন সেটি দেখার পালা!

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link