সেই চিরচেনা ফাইটার রিয়াদ!

সমর্থকদের মনে হতেই পারে, শুরুর দিকে বোলাররা আরেকটু কিপটে হলে হয়তো রিয়াদের এই ইনিংসেই হাসি ফুটত। হার স্কোরবোর্ডে লেখা থাকবে, কিন্তু ওই ৭৩ রান থেকে যাবে মানুষের মনে। অবসর নিয়েও নিজের ব্যাটিং ভুলে যাননি রিয়াদ, হেরে গিয়েও নিজেকে চেনালেন আরেকবার।

শারজাহর মাঠে ঘড়ির কাঁটা যেন পেছনে ঘুরে গিয়েছিল। বাংলাদেশ চ্যাম্পিয়নের অধিনায়ক হয়ে নামলেন সেই চিরচেনা ফাইটার রিয়াদ, যাঁকে বাংলাদেশ বছরের পর বছর ধরে দেখে এসেছে ধসের মুখে একা দাঁড়াতে, সেই একই গল্প টা যেন আবার মঞ্চায়িত হলো।

২০৪ রানের লক্ষ্যে শুরুটা মন্দ হয়নি। ইমরুল কায়েস ৩০ বলে ৪১ রান করে ভালো ভিত দিয়ে গিয়েছিলেন। ৭১ রানে তিনি ফেরার পর ক্রিজে এলেন রিয়াদ। আশা তখনও ছিল। কিন্তু ফাওয়াদ আহমেদের স্পিনে একের পর এক ফিরতে লাগলেন সবাই। ৮০ রানে তিন, ৮৫ রানে চার, ৮৯ রানে পাঁচ। রিয়াদ তখন ৬ বলে ৫। ওপাশে জিয়াউর ১১ বল খেলে ৩ রানে আটকে,  শর্টের একটা পুরো ওভার গেল মেইডেন, ম্যাচটা তখন হাত থেকে অনেকটাই চলে গিয়েছিল।

তারপর যা হলো, তা শুধু ব্যাটিং ছিল না। ফাওয়াদের এক ওভারে পরপর দুই ছক্কা মেরে রিয়াদ যেন জানিয়ে দিলেন, ম্যাচ এখনও শেষ হয়নি। এরপর রিচার্ডসনের এক ওভারে দুই ছক্কা আর এক চার, ওয়েলসের ওপর দিয়েও ছক্কা-চার। ছয় উইকেট পড়ে যাওয়ার পরও তিনি থামেননি। শেষ ওভারে হিলফেনহাউসকে পরপর দুই ছক্কায় উড়িয়ে ইনিংস শেষ করলেন ৩৫ বলে অপরাজিত ৭৩ রানে। আটটি ছক্কা, শেষ ২১ বলেই ৫১ রান। সবাই যখন ডুবছিল, একজন মানুষ নিজের হাতে পুরো ম্যাচটাকে টেনে তুলতে চাইলেন।

তবু শেষ রক্ষা হয়নি। আগে ব্যাট করে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন ২০ ওভারে ৬ উইকেটে তুলেছিল ২০৩ রান। ডেভিড ওয়ার্নার ৩৮ বলে ৬৬ আর  ফার্গুসন ৩৬ বলে ৬৩ রানে ভিত গড়েন, শেষে বেন ডাঙ্ক ২৪ বলে অপরাজিত ৪৫ করে ইনিংস বড় করেন। বাংলাদেশের হয়ে আবু জায়েদ ৪৬ রানে ৩ আর জিয়াউর রহমান ২ উইকেট নেন। জবাবে কায়েসের সঙ্গে ফজলে মাহমুদের ২৭ রানের ইনিংসে ভালো শুরু পেলেও ফাওয়াদের ৩১ রানে ২ উইকেটে মাঝের ওভারে সব এলোমেলো হয়ে যায়। বাংলাদেশ থামে ৬ উইকেটে ১৬৬ রানে, পরাজয় ৩৭ রানে।

সমর্থকদের মনে হতেই পারে, শুরুর দিকে বোলাররা আরেকটু কিপটে হলে হয়তো রিয়াদের এই ইনিংসেই হাসি ফুটত। হার স্কোরবোর্ডে লেখা থাকবে, কিন্তু ওই ৭৩ রান থেকে যাবে মানুষের মনে। অবসর নিয়েও নিজের ব্যাটিং ভুলে যাননি রিয়াদ, হেরে গিয়েও নিজেকে চেনালেন আরেকবার।

Share via
Copy link