লাল কার্ডে ক্লাসিকো মিসের ঝুঁকিতে ভিনিসিয়াস!

ভিয়ারিয়ালের বিরুদ্ধে ৭০তম মিনিটে বল জালে পাঠিয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তবে সেই আনন্দের স্থায়িত্ব হলো মাত্র কয়েক মুহূর্ত।

ভিয়ারিয়ালের বিরুদ্ধে ৭০তম মিনিটে বল জালে পাঠিয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তবে সেই আনন্দের স্থায়িত্ব হলো মাত্র কয়েক মুহূর্ত। উদযাপনের রেশ কাটতে না কাটতেই ভিএআরের হস্তক্ষেপে বাতিল হয়ে গেল গোল, আর তারচেয়ে বড় ধাক্কা হয়ে এলো রেফারির পকেট থেকে বের হওয়া সরাসরি লাল কার্ড।

কাউন্টার অ্যাটাকে দৌড়ানোর সময় সালিবার চুল টেনে ধরেন ভিনিসিয়াস। প্রথমে ঘটনাটি এড়িয়ে গেলেও ভিএআর চেক করে মনিটরে দৃশ্যটি দেখেই বাঁশি বাজান রেফারি। বল ছাড়া আক্রমণাত্মক আচরণের দায়ে ভিনিসিয়াসকে সরাসরি মার্চিং অর্ডার দেন তিনি।

​স্প্যানিশ ফুটবলের ডিসিপ্লিনারি কোডের ১০৩.২ ধারা অনুযায়ী, কোনো ফুটবলারের সাথে হিংসাত্মক বা অসদাচরণের শাস্তি হিসেবে সাধারণত দুই থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে ভিনির এই কান্ডে বিপদে পড়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।

কারণ, আগামী বার্সেলোনা ম্যাচের আগে লিগে রিয়ালের ঠিক দুটি ম্যাচ বাকি রয়েছে। ফলে তিন ম্যাচের ম্যাচ ব্যান পেলেই এল ক্লাসিকোতে নামা হবে না ভিনিসিয়াসের।

​উপরন্তু, লাল কার্ড পাওয়ার পর রেফারির সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করে মাঠজুড়ে প্রতিবাদ জানান ভিনি। রেফারি  তাঁর অফিশিয়াল ম্যাচ রিপোর্টে একে অতিরিক্ত অপরাধ হিসেবে তুলে ধরেন, ফলে শাস্তির মেয়াদ আরও বাড়ার ঝুঁকি রয়েছে।

বল ছাড়া চুল টানার মতো স্পষ্ট অপরাধ দৃশ্যমান হওয়ায় এই লাল কার্ডের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের আপিল করে পার পাওয়ার সুযোগও প্রায় নেই বললেই চলে। এক মুহূর্তের মাথা গরম আর বাতিলের খাতায় যাওয়া এক গোলের বিনিময়ে এখন ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি গ্যালারিতে বসেই দেখতে হতে পারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link