আগ্রাসনের আড়ালে এক স্নেহময় বিরাট

মাঠের লড়াইয়ে তিনি এক অদম্য সম্রাট। যার এক একটা শট যেন শাসন করে বিশ্বসেরা বোলারদের। কিন্তু সেই সম্রাটই যেন ভারতের তরুণ ক্রিকেটারদের কাছে পরম কাছের মানুষ।

মাঠের লড়াইয়ে তিনি এক অদম্য সম্রাট। যার এক একটা শট শাসন করে বিশ্বসেরা বোলারদের। কিন্তু সেই সম্রাটই যেন ভারতের তরুণ ক্রিকেটারদের কাছে পরম কাছের মানুষ। ভারতের এক তরুণ তুর্কিকে শিখিয়েছিলেন কীভাবে ঘায়েল করতে হয় ব্যাটারদের। পরবর্তীতে অবশ্য সেই ফাঁদে নিজেই পড়েছেন। কিন্তু তাতে বিন্দুমাত্র আক্ষেপ নেই তাঁর।

ঘটনাটি আইপিএল ২০২৬ এর। লখনৌ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ। তরুণ তুর্কি প্রিন্স যাদবের করা একটি দুর্দান্ত ইনসুইংগারে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন কোহলি। স্কোরবোর্ডে তখন বিরাটের নামের পাশে শূন্য রান।

চমকপ্রদ তথ্য হলো, কোহলিকে আউট করার সেই কৌশল খোদ কোহলিই শিখিয়েছিলেন প্রিন্সকে! ম্যাচের পর প্রিন্স জানান, আগের এক সাক্ষাতে কোহলিই তাকে বলেছিলেন নির্দিষ্ট একটি লেন্থে বল করতে। কোহলির সেই পরামর্শ মেনেই বিরাটের স্টাম্প উড়িয়ে দেন এই তরুণ পেসার।

সম্প্রতি আরসিবির এক পডকাস্টে এই বিষয়ে কথা বলেন বিরাট। তিনি জানান, বিজয় হাজারে ট্রফিতে খেলার সময় প্রিন্সের সাথে তাঁর পরিচয় হয়। বিরাটের ভাষায়, ‘প্রিন্স খুব চমৎকার এবং রসিক একটা ছেলে। আমি ওকে শিখিয়েছিলাম ঠিক কোন জায়গায় বল করা উচিত। জুনিয়রদের অভিজ্ঞতা ভাগ করে দেওয়া আমাদের দায়িত্ব।’

শুধু প্রিন্স যাদব নন। কোহলি হাত বাড়িয়ে দিয়েছেন মোহাম্মদ সিরাজ কিংবা যশস্বী জয়সওয়ালের দিকেও। গুজরাট ম্যাচের আগে সিরাজের বোলিং ছন্দ ফেরাতে দীর্ঘক্ষণ পরামর্শ দিয়েছেন তিনি।

বিরাটের এই উদারতা আসলে বৃহত্তর স্বার্থে। তাঁর মতে, আইপিএলের লড়াই তো এক রাতের, কিন্তু ভারতীয় ক্রিকেটের জয়যাত্রা যে অনন্ত। উত্তরসূরিদের যোগ্য করে গড়ে তোলার মাধ্যমে বিরাট আসলে নিশ্চিত করছেন আগামীর শক্তিশালী এক টিম ইন্ডিয়াকে।

মাঠের লড়াইয়ে তিনি আপসহীন। প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেওয়াই যেন তাঁর চিরচেনা স্বভাব। এমনকি গৌতম গম্ভীরদের মতো ব্যক্তিত্বের সাথেও চোখে চোখ রেখে লড়তে দ্বিধা করেন না তিনি। কিন্তু ড্রেসিংরুম কিংবা অনুশীলনের ফাঁকে ঈশান কিষাণ বা ঋষভ পান্তদের কাছে গেলেই সেই রুদ্রমূর্তি উধাও! সেখানে তিনি কেবল এক আদুরে বড় ভাই, এক অভিভাবক।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link