ডেথ ওভারের ম্যাজিকে ব্যাকফুটে জিম্বাবুয়ে!

বল হাতে দুর্দান্ত এক সম্মিলিত প্রচেষ্টায় জিম্বাবুয়েকে ১৪৩ রানের মধ্যেই বেঁধে রাখল বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নেওয়া জিম্বাবুয়ে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে তোলে ১৪৩ রান।

বল হাতে দুর্দান্ত এক সম্মিলিত প্রচেষ্টায় জিম্বাবুয়েকে ১৪৩ রানের মধ্যেই বেঁধে রাখল বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নেওয়া জিম্বাবুয়ে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে তোলে ১৪৩ রান।

ইনিংসের শুরুতেই বাংলাদেশকে স্বস্তি এনে দেন মেহেদি হাসান, জিম্বাবুয়ের ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে মাত্র চার রানে ফিরিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন তিনি। এরপর ব্রায়ান বেনেট কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও তাকে পঞ্চাশ রানের কোটা ছুঁতে দেননি মোহাম্মদ সাইফুদ্দিন, সাঁইত্রিশ বলে আটটি চারের সাহায্যে সাতচল্লিশ রান করা বেনেটকে বোল্ড করে ফেরান তিনি। মাঝের ওভারে সিকান্দার রাজাকে দ্রুত ফেরান রিশাদ হোসেন, আর সতেরো নম্বর ওভারে রায়ান বার্লকে অধিনায়ক তওহিদ হৃদয়ের ক্যাচে পরিণত করেন আবদুল গাফফার সাকলাইন।

তবে এসব উইকেটের পরও ডিওন মায়ার্স এক প্রান্ত আগলে রেখে নিয়মিত রান তুলে যাচ্ছিলেন, আর তার ব্যাটেই বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল জিম্বাবুয়ে। খেলার আসল মোড় ঘোরে আঠারো ও উনিশ নম্বর ওভারে, যেখানে পরপর তিনটি উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। সাইফুদ্দিনের ওভারে প্রথমে রান আউট হন ব্র্যাড ইভান্স, পরের বলেই ক্যাচ দিয়ে ফেরেন ক্লাইভ মাদান্দে। এরপর তাসকিন আহমেদের ওভারে তিপ্পান্ন বলে তিয়াত্তর রানের লড়াকু ইনিংস খেলা মায়ার্সও রান আউট হয়ে ফেরেন, আর এই তিন উইকেটের পতনেই থমকে যায় জিম্বাবুয়ের রানের চাকা।

পুরো ইনিংসে সবচেয়ে হিসেবি বোলিং করেন তাসকিন আহমেদ, চার ওভারে মাত্র ষোলো রান দিয়ে রানের গতি বেঁধে রাখায় বড় ভূমিকা রাখেন তিনি। চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন সাইফুদ্দিন, আর মেহেদি হাসান, রিশাদ হোসেন ও সাকলাইন নেন একটি করে উইকেট।

বোলারদের এমন সম্মিলিত পারফরম্যান্সের পর এখন দায়িত্ব ব্যাটসম্যানদের কাঁধে। ১৪৪ রানের লক্ষ্য তাড়া করে জিতলেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ—বোলারদের গড়ে দেওয়া এই মঞ্চ ব্যাটসম্যানরা কতটা কাজে লাগাতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link