অর্ধেক বেতনে কাজ করে ব্যাট কেনার গল্প

এই ডানহাতি বলেন, ‘একবার আমাদের বাড়িতে নির্মাণকাজ শুরু হলে আমি কন্ট্রাক্টরের কাছে গিয়ে বলেছিলাম, তোমার হয়ে কাজ করব। কিন্তু কাউকে বলতে পারবে না; কারণ, আমার বাবা-ভাই কাজ করতে দেবে না। বাকিদের যে টাকা দাও, তার অর্ধেক দিলেই হবে। মনোযোগ দিয়েই কাজ করব আমি।’

স্বপ্ন ছুঁতে পারে ক’জন, যারা পারেন তাঁদের গল্পই বা জানে কারা। রহমানউল্লাহ গুরবাজের স্বপ্ন ছোঁয়ার গল্পও তো আমরা কেউ জানি না, জানি না কি দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি হয়ে উঠেছেন আফগানিস্তান ক্রিকেটের পোস্টারবয়। তবে ফেলে আসা দিনগুলোর কথা এবার শোনা গেলো তাঁর মুখে, অর্ধেক বেতনেও তখন কাজ করতে হয়েছিল তাঁকে, রাজমিস্ত্রির সহকারী হতে হয়েছিল ব্যাট কেনার জন্য।

দুঃসময়ের শুরুটা বড় ভাইয়ের ব্যাট ভেঙ্গে ফেলা দিয়ে; একবার গুরবাজদের বাসায় অনেক অতিথি আসে তখন তাঁর ভাই তাঁকে চা নিয়ে আসতে বলেন। কিন্তু সব ভুলে তিনি ব্যস্ত হয়ে যান ক্রিকেটে, সেটা দেখে তাঁর ভাই রাগ করে ব্যাটটাই ভেঙে ফেলেন।

যদিও পরবর্তী সময়ে এই তারকার উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভাই। তিনি বলেন, ‘বড় ভাই আমাকে অনেক সাহায্য করেছে। সে বুঝতে পেরেছিল আমি ক্রিকেট কতটা ভালবাসি আর ভবিষ্যতে ক্রিকেটার হতে চাই। আগেও সে আমার ভালো চাইতো, ভাবতো পড়াশোনা করা দরকার আমার।’

অন্য অনেক পরিবারের মতই রহমানউল্লাহর পরিবারও স্বপ্ন দেখতো ছেলে একদিন বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, বাবা স্কুলের প্রধান শিক্ষক হওয়ায় এ ব্যাপারে প্রত্যাশাও ছিল অনেক বেশি। তিনি নিজেও সেই পথে এগিয়ে গিয়েছিলেন অনেকটা, কিন্তু ষষ্ঠ শ্রেণিতে ওঠার পরই বদলে যায় তাঁর জীবন দর্শন। ক্রিকেটের প্রেমে নিজেকে উৎসর্গ করে দেন তিনি।

এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি, টেপ টেনিস ক্রিকেট থেকে শুরু করে জাতীয় পর্যায়ে বয়সভিত্তিক দলে জায়গা পেয়ে যান এই ব্যাটার। অবশ্য অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময়ও তাঁর ব্যাট ছিল না, সেই প্রসঙ্গেই ব্যাট কেনার রোমাঞ্চকর একটা গল্প জানালেন তিনি।

এই ডানহাতি বলেন, ‘একবার আমাদের বাড়িতে নির্মাণকাজ শুরু হলে আমি কন্ট্রাক্টরের কাছে গিয়ে বলেছিলাম, তোমার হয়ে কাজ করব। কিন্তু কাউকে বলতে পারবে না; কারণ, আমার বাবা-ভাই কাজ করতে দেবে না। বাকিদের যে টাকা দাও, তার অর্ধেক দিলেই হবে। মনোযোগ দিয়েই কাজ করব আমি।’

অবশ্য কষ্ট পেরিয়ে গুরবাজ এখন সফল, নিজেই এখন ব্যাট ভাঙেন। তবে রাগ করে নয়, বরং ছক্কা হাঁকিয়ে। আইসিসির র‍্যাংকিংয়ে উপরের দিকেই পাওয়া যায় তাঁর নাম, ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও হটকেক তিনি – এখন বোধহয় তাঁর ভাই ব্যাট ভাঙার কথা ভেবে নিজের মনে হেসে উঠেন।

Share via
Copy link