অভিষেক ঝড়ে লন্ডভন্ড সব রেকর্ড

প্রতিটি বলে বাউন্ডারির খোঁজ। প্রতিটি শটে আগ্রাসন। আর প্রতিটি রানে যেন একটা করে বার্তা - অভিষেক শর্মাকে থামানোর জন্য আফগানিস্তানের হাতে কোনো অস্ত্রই বাকি নেই।

অভিষেক শর্মা যেন ব্যাট হাতে আফগানিস্তানকে একটাই কথা বলে দিলেন, পালানোর কোনো জায়গা নেই! ঝড় বলুন, সুনামি বলুন কিংবা মহাপ্রলয়, অরুণ জেটলি স্টেডিয়ামে সবকিছুর দেখা মিলল এক বাঁহাতির ব্যাটে।

স্রেফ নিয়মরক্ষার ম্যাচে অভিষেক শর্মার ব্যাটে নিয়মরক্ষার কোনো ছাপই ছিল না। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বল থেকেই যেন আফগানিস্তানের ওপর ঝাঁপিয়ে পড়লেন তিনি। একের পর এক বাউন্ডারি, একের পর এক ছক্কা – আর রান উঠতে থাকল চোখের পলকে।

মাত্র ১৬ বলে ফিফটি। এরপর যেন আরও ভয়ংকর হয়ে উঠলেন অভিষেক। থামার কোনো লক্ষণ নেই, উল্টো প্রতিটি বলের সঙ্গে বাড়তে থাকল তাণ্ডব। শেষ পর্যন্ত মাত্র ৩০ বলেই সেঞ্চুরি! আর সেই সঙ্গে নিজের নাম তুলে দিলেন টি-টোয়েন্টির রেকর্ড বইয়ের একেবারে শীর্ষে।

এত দিন টেস্ট খেলুড়ে কোনো দেশের ব্যাটসম্যান হিসেবে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড ছিল জিম্বাবুয়ের সিকান্দার রাজার দখলে। ৩৩ বলে সেঞ্চুরি করে ডেভিড মিলার ও রোহিত শর্মার ৩৫ বলের যৌথ রেকর্ড ভেঙেছিলেন রাজা। এবার সেই রেকর্ডও আর থাকল না। ৩০ বলে সেঞ্চুরি করে নতুন ইতিহাস লিখলেন অভিষেক।

আফগান বোলারদের মধ্যে কেউই রেহাই পাননি। মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, রশিদ খান, আব্দুল্লাহ আহমদজাই – একেকজনকে একেকভাবে শাস্তি দিয়েছেন অভিষেক। বল দেখেছেন আর সীমানার বাইরে পাঠিয়েছেন। কখনও আকাশপথে, কখনো মাটিঘেঁষা শটে। আফগানিস্তানের বোলিং আক্রমণ তখন শুধু অসহায় দর্শক।

অভিষেকের এই তাণ্ডবেই আরও একটি রেকর্ড ভেঙেছে ভারত। পাওয়ারপ্লের ছয় ওভারেই বিনা উইকেটে ১০০ রান! টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বোচ্চ পাওয়ারপ্লে সংগ্রহ এখন এটিই। এর আগে ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে ৯৫ রান করেছিল ভারত। মজার ব্যাপার, সেই রেকর্ডের পেছনেও ছিলেন অভিষেক। এবার নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙে দিলেন তিনি।

অন্য প্রান্তে সাঞ্জু স্যামসনও নিজের মতো করে খেলেছেন। দুজন মিলে উদ্বোধনী জুটিতে দলকে নিয়ে গেছেন দেড়শোর কাছাকাছি। তবে এই জুটির গল্পে আলোটা ছিল একজনের ওপরই। সেই আলোয় বাকিরা যেন একটু ফিঁকে।

প্রতিটি বলে বাউন্ডারির খোঁজ। প্রতিটি শটে আগ্রাসন। আর প্রতিটি রানে যেন একটা করে বার্তা – অভিষেক শর্মাকে থামানোর জন্য আফগানিস্তানের হাতে কোনো অস্ত্রই বাকি নেই।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link