জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে একেবারেই অপ্রতিরোধ্য উইয়ান মুলডার। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পর এবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তুলে নিলেন দ্বিশতক। সেই সাথে অধিনায়ক হিসেবে গড়লেন অনন্য এক রেকর্ড।
ইনজুরির কারণে কেশব মহারাজ খেলছেন না জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। তাই তো অধিনায়কের দায়িত্বটা কাঁধে উঠেছে উইয়ান মুলডারের। আর দায়িত্ব পাওয়ার প্রথম ম্যাচেই বাজিমাত করলেন।
প্রথম দিনের শুরুতেই কিছুটা চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। টস জিতে জিম্বাবুয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। মাত্র ২৪ রানের মাথায় আফ্রিকার দুই ওপেনারকে সাজঘরে পাঠায় জিম্বাবুয়ের বোলাররা।

তবে এরপর মুলডার যেন ক্রিজে আসেন সবকিছু পাল্টে দিতে। বেডিংহামকে সাথে নিয়ে ১৮৪ রানের বিশাল জুটি গড়েন। ৮২ রানের মাথায় বেডিংহাম ফিরে গেলেও মুলডার যেন জিম্বাবুয়ের দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়।
১১৬ বলেই তুলে নেন দুর্দান্ত এক শতক। তবে এরপর আরও ভয়ংকর হয়ে উঠতে থাকেন বোলারদের বিপক্ষে। ১৬৭ বলে ১৫০, ২১৪ বলে ২০০ — একপ্রকার ছেলেখেলায় মেতে উঠলেন যেন।
কোনো কিছুতেই তাকে আটকানো যায়নি, বোলারদের প্ল্যান এদিন কাজে আসেনি। মুলডার আজ সব রেকর্ড ভেঙে গুড়িয়ে দিতেই যেন মাঠে নেমেছিলেন। টেস্ট ইতিহাসের তৃতীয় প্লেয়ার যিনি অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে নেমেই দ্বিশতক হাঁকিয়েছেন।

এই ইনিংসের সুবাদে আরও এক রেকর্ড গড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে — প্রথমবার অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিতে নেমেই প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করার কৃতিত্ব এখন তাঁর দখলে। এই রেকর্ড এতদিন ছিল হার্বি টেইলরের, যিনি ১৯১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১০৯ রান। তাই তো অনন্য, অনবদ্য, অপ্রতিরোধ্য — সব বিশেষণই আজ কুর্নিশ জানাচ্ছে মুলডারের এই ইনিংসকে।











