ম্যানচেস্টার টেস্টে ভারতের জন্যে অপেক্ষমান দুঃসংবাদ। ইংল্যান্ড সিরিজে ইতোমধ্যেই ২-১ ব্যবধানে পিছিয়ে আছে সফরকারীরা। ম্যানচেস্টার টেস্টেই সমতায় ফেরার চেষ্টা চালাবে শুভমান গিলের ভারত। কিন্তু কাজটা মোটেও সহজ হবে না, আবহাওয়া আর কন্ডিশনও দাঁড়িয়ে যেতে পারে ভারতের বিপক্ষে।
লর্ডস টেস্টে ২২ রানের এক দারুণ জয় নিয়ে সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড দল। টানা বর্ষণে ওল্ড ট্রাফোর্ডের আউটফিল্ড খানিকটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তাছাড়া পর্দার আড়ালে থাকা উইকেটেও সবুজ ঘাসের আনাগোনা চোখে পড়ার মত।
ধারণা করা যাচ্ছে সবুজ উইকেটেই ইংলিশ পেসারদের সামলাতে হবে ভারতীয় ব্যাটারদের। কাজটা ঠিক কতটা কঠিন, তা নিশ্চয়ই বলে দেওয়ার নয়। তবে উইকেটের চাইতে ভারতের দুশ্চিন্তার কারণ বৃষ্টির পূর্বাভাস। টেস্টের প্রায় প্রতিদিনই খেলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা প্রবল।

চারদিনই প্রায় ৬০ শতাংশের কাছাকাছি সম্ভাবনা রয়েছে বর্ষণের। স্রেফ তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে একদিনে নিশ্চয়ই টেস্ট ম্যাচের ফলাফল নিজের পক্ষে নিয়ে আসা সম্ভব নয়। তাতে করে ভারতের হাত থেকে টেস্ট সিরিজ ফসকে যাওয়ার সম্ভাবনাই যেন বেড়ে যাচ্ছে কয়েকগুণ।
হেডিংলে টেস্টে পাঁচ উইকেটের পরাজয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। বার্মিংহামে দেখিয়েছিল দাপট। লর্ডস টেস্টে অল্পের জন্যে হাতছাড়া হওয়া জয়ের পীড়ায় পীড়িত গৌতম গম্ভীর ও তার দল।
সিরিজের ঘুরে দাঁড়ানোর সুযোগ যদি ভেসে যায় মেঘের বর্ষণে- তবে অভাগা বলে দোষারোপ করা ছাড়া আর কি-ই বা বাকি থাকবে!












