ভাল মানুষ হতে পেরেছেন মুস্তাফিজ

ভাল মানুষ হতে চেয়েছিলেন বলে তাঁকে নিয়ে অনেক ট্রল হয়েছিল। তবে, এখন দলের সবচেয়ে ‘লাজুক’ এই চরিত্রটাকে বারবার এমন ভাল মানুষ হিসেবেই দেখতে চাইবে বাংলাদেশ দল।

ভাল মানুষ হওয়ার বাসনা প্রকাশ করেছিলেন বলেই একসময় তাঁকে নিয়ে হেসেছিল অনেকে। মাঠের বাইরের সরলতা, লাজুক চোখ, নির্লিপ্ত হাঁটা—সব মিলিয়ে মুস্তাফিজুর রহমান ছিলেন দলের সবচেয়ে নিস্তরঙ্গ চরিত্র। কিন্তু ক্রিকেট তো শেষ পর্যন্ত পরিসংখ্যান আর পারফরম্যান্সের খেলা। আর সেখানেই তিনি নীরবে গড়ে তুলেছেন অন্যরকম সাম্রাজ্য।

১০ বছরের ক্যারিয়ারে ভাল মানুষ হওয়ার যাত্রায় মুস্তাফিজ দারুণ সফল। মাঠের বাইরে তাঁকে ঘিরে কোনো বিতর্ক খুঁজে পাওয়া যায় না। মাঠের লড়াইয়ের প্রেক্ষাপটেও বাংলাদেশ দলের সবচেয়ে ভাল মানুষ এই মুস্তাফিজ!

বছরের পর বছর ধরে একটা তির্যক অপবাদ তাড়া করে ফিরেছে তাঁকে—মুস্তাফিজ নাকি শুধু দেশের মাটিতেই কার্যকর। বিদেশে গেলেই ঝিমিয়ে পড়েন। অথচ সেই মিথও ভেঙে চুরমার হয়ে যায় পরিসংখ্যানে। এখন দেশের হয়ে বিদেশের মাটিতে সর্বোচ্চ উইকেটশিকারির নাম মুস্তাফিজুর রহমান। ৬৫ ইনিংসে ৮৩ উইকেট—যেখানে সাকিব আল হাসানের ঝুলিতে ছিল ৭৪ ইনিংসে ৮০টি।

তাঁর ক্রিকেটগাথার সৌন্দর্য এখানেই—চিৎকার-চেঁচামেচি নেই, বুক চাপড়ানো নেই। নি:শব্দে নিজেকে গুছিয়ে রাখা। ভাল মানুষ তাঁকেই বলে যিনি নিজের কাজের প্রতি সৎ থাকেন। দলের সবচেয়ে অভিজ্ঞ যোদ্ধা তিনি—১১৬ টি-টোয়েন্টি খেলা হয়ে গেছে তাঁর দেশের জার্সি। লিটন দাসেরও আছে ১১৩ টি, তবে মুস্তাফিজকে আলাদা করে দিয়েছে আইপিএলের ময়দানে তাঁর অভিজ্ঞতা, যেখানে বিশ্বের সবচেয়ে তেজী ব্যাটারদের চোখে চোখ রেখে বোলিং করেছেন তিনি।

তথ্যই বলছে, ১১৬ ম্যাচে তাঁর ১৪৬ উইকেটের মধ্যে ১০০ এসেছে বাংলাদেশের জয় পাওয়ার ম্যাচগুলোতে। বাংলাদেশ জিতলে, জয়কে পাকা করার আড়ালে নীরবে দাঁড়িয়ে থাকেন এই বাঁহাতি পেসার। ভরসা আর দিশা দুটোই দেন তিনি। শর্ত একটাই, তাঁকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে।

মাশরাফি বিন মুর্তজা থেকে লিটন দাস – একেক অধিনায়কের আমলে একেক ভাবে ব্যবহার করা হয়েছে তাঁকে। সফল হয়েছেন তিনি সব সময়। বিতর্কহীন, জাকজমকহীন, তাঁর সংবাদ সম্মেলনে মারকাটারি কোনো হেডলাইন হয় না। কিন্তু, বাংলাদেশ ক্রিকেটের আকাশে তাঁর উড়ান নি:সন্দেহে একটা মাইলফলক, একটা ভাল থাকার ও ভাল রাখার প্রতিজ্ঞা।

ভাল মানুষ হতে চেয়েছিলেন বলে তাঁকে নিয়ে অনেক ট্রল হয়েছিল। তবে, এখন দলের সবচেয়ে ‘লাজুক’ এই চরিত্রটাকে বারবার এমন ভাল মানুষ হিসেবেই দেখতে চাইবে বাংলাদেশ দল।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link