টেস্ট দলের অধিনায়কত্বও পাচ্ছেন লিটন দাস। দৌড় থেকৈ ছিটকে গেছেন মেহেদী হাসান মিরাজ। নাজমুল হোসেন শান্তর উত্তরসূরী চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট সিরিজ শেষে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকেই টেস্ট দলের নতুন নেতার খোঁজে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। নভেম্বরেই ঢাকায় আসছে আয়ারল্যান্ড— তিনটি টি-টোয়েন্টির সঙ্গে দুটি টেস্টও খেলবে তারা। সেই সিরিজের আগেই ঘোষণা আসছে নতুন টেস্ট অধিনায়কের নাম।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানালেন, টেস্ট নেতৃত্ব নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। নাম চূড়ান্ত না হলেও সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া চলছে দ্রুতগতিতে।

ভেতরের খবর হল, এই আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। বর্তমানে তিনি টি-টোয়েন্টি দলের অধিনায়ক, আর ব্যাট হাতে টেস্ট ফরম্যাটেও নিয়মিত পারফর্মার। তাঁর নেতৃত্বে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজগুলোতে বাংলাদেশ দলও দেখিয়েছে স্থিতি আর আগ্রাসন— যা তাঁকে টেস্ট নেতৃত্বের জন্য আরও উপযুক্ত করে তুলেছে।
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের দায়িত্ব লিটনের কাঁধেই, আর এখন সেই অভিজ্ঞতা হয়তো কাজে লাগবে লাল বলের ফরম্যাটেও। বোর্ড চায়, টেস্ট দলেও আসুক সেই নেতৃত্বের ধারাবাহিকতা।
সব কিছু ঠিকঠাক থাকলে, নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজ দিয়েই বাংলাদেশ টেস্ট দলের নতুন অধ্যায় শুরু হতে পারে লিটন দাসের হাত ধরে। সেই যাত্রায় বাংলাদেশকে লিটন দাস কতটা এগিয়ে দিতে পারেন, এখন সেটাই দেখার পালা।











