সিলেট টেস্টের দ্বিতীয় দিনটি পুরোপুরি বাংলাদেশের। দেড়শ ছাড়ানো দু’টো পার্টানারশীপে বাংলাদেশের রানের অবারিত ধারা বহমান ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সাদমান ইসলামের শতক না হাঁকানোর আক্ষেপ ছাপিয়ে মাহমুদুল হাসান জয় দেখিয়েছেন রানের আনন্দ। সাথে ছিল মুমিনুল হকের ছন্দময় চিরচেনা সুর
আগের দিন আট উইকেট হারিয়ে ২৭০ রানে হোটেলে ফিরেছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় দিনের সকালবেলা আরও মাত্র ১৬ রান যুক্ত করতেই বাকি দু’টো উইকেট হারায় সফরকারী দল। তাতে করে ২৮৬ রানেই থেমে যায় আয়ারল্যান্ডের সংগ্রহ। ঠিক সেখান থেকেই বাকি গল্প জুড়ে শুধু বাংলাদেশের জয়গান।
শুরুটা হয় বাংলাদেশের দুই ওপেনারের হাত ধরে। সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় একটু দেখেশুনে শুরু করেন বটে। বাইশ গজে থিতু হওয়ার পর মুহূর্ত থেকেই রান তোলার গতি বাড়িয়ে দেন দুই টাইগার ওপেনার। মধ্যাহ্ন বিরতির আগেই বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়ে যায় বিনা উইকেটে ১০৯। দুই ওপেনারই তখন অর্ধশতকের মাইলফলক ছুঁয়ে ফেলেন।

মধ্যাহ্ন বিরতির পর দুই ওপেনার মিলে যুক্ত করেন আরও ৪৯ রান। তাদের ব্যাটিং দৃঢ়তা দু’টো সেঞ্চুরির আভাস দিয়ে যাচ্ছিল বটে। সেই ২০১৫ সালের পর আবারও দুই ওপেনারের শতক দেখার অপেক্ষা। কিন্তু তেমনটি আর শেষ অবধি বাস্তবায়িত হয়নি। ব্যাটের আলতো খোঁচা লেগে বল জমা হয় আইরিশ উইকেট রক্ষক লরকান টাকারের দস্তানায়।
আম্পায়ার আহসান রাজা বুঝতেও পারেননি ব্যাটের খোঁচা লেগেছে। রিভিউ নিয়ে সাদমানকে প্যাভিলিয়নে পাঠান আইরিশরা। ৮০ রানে থামে সাদমানের ইনিংস। তাতে করে ভাঙে টেস্ট ওপেনিংয়ে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ ১৬৮ রানের জুটি। কিন্তু জয় থামেননি। প্রত্যাবর্তনের ম্যাচটিকে তিনি যতটা সম্ভব বর্ণিল করার দিকেই এগিয়ে গেছেন। সাথে সঙ্গী হিসেবে পেয়েছেন টেস্টে বাংলাদেশের অন্যতম সফল ব্যাটার মুমিনুল হক সৌরভকে।
সেই দুই জনে মিলে এরপর এগিয়ে নিয়ে যেতে থাকেন দলের সংগ্রহ। ক্যারিয়ারে প্রথমবারের মত দেড়শ রানের গণ্ডি ছাড়ান মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় দিনের শেষ বেলায় মুমিনুল পৌঁছে যান আরও একটি শতকের দোরগোড়ায়। এই দুইজনে মিলে আরও ১৭০ রানের জুটি গড়ে ফেলেন। তাতে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৩৩৮।

আয়ারল্যান্ডের ২৮৬ রান ছাপিয়ে আরও ৫২ রান অতিরিক্ত রান নিজেদের স্কোরবোর্ডে তুলেছে বাংলাদেশ। দিনশেষে, জয় অপরাজিত থেকেছেন ১৬৯ রানে ও ৮০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন মুমিনুল হক। তৃতীয় দিনের সকালবেলা প্রথম ঘন্টায় মুমিনুলের নজর থাকবে সেঞ্চুরিতে। জয় নিশ্চয়ই চাইবেন, দারুণ এই ইনিংসকে দ্বিশতকের মর্যাদা দিতে।










