দশম শতককে দ্বিতীয় দ্বিশতক বানালেন অমিত

শর্টার ফরম্যাটে হয়ত তিনি আলোড়ন সৃষ্টি করতে পারেননি, তবে ক্রমশ লঙ্গার ফরম্যাটের আগামীর কাণ্ডারি হওয়ার বার্তা দিচ্ছেন অমিত হাসান। 

বিপিএল নিলামে নাম উঠেছিল অমিত হাসানের। কিন্তু তার প্রতি কেউই আগ্রহ দেখাননি। ঠিক একদিন পর তিনি জবাব দিয়েছেন শতক হাঁকিয়ে। সেখানেও থেমে থাকেননি অমিত। সেই শতককে দ্বিশতকে পরিণত করেছেন। শর্টার ফরম্যাটে হয়ত তিনি আলোড়ন সৃষ্টি করতে পারেননি, তবে ক্রমশ লঙ্গার ফরম্যাটের আগামীর কাণ্ডারি হওয়ার বার্তা দিচ্ছেন সিলেটের এই ব্যাটার।

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতকের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন অমিত হাসান। সিলেট বিভাগকে চালকে আসনে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর তরুণ এই ব্যাটার। রাজশাহী বিভাগের বিপক্ষে দূর্দান্ত এক ইনিংস খেলে গেছেন ডানহাতি ব্যাটার। ২১৩ রানে থেমেছেন তিনি। কিন্তু তার ইনিংসটির মাহাত্ম্য বরং স্রেফ রান করাতেই নয়।

চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনেই সেঞ্চুরিতে পৌঁছে গিয়েছিলেন অমিত। ১২৫ বলে তিনি ছুঁয়েছিলেন নিজের দশম সেঞ্চুরির মাইলফলক।  এরপর তৃতীয় দিনে তিনি ২০০ রানের গণ্ডি ছাড়াতে সময় নিয়েছেন স্রেফ ৯৭ বল। অর্থাৎ স্রেফ নিজের ব্যক্তিগত অর্জনের দিকে নজর রাখেননি অমিত হাসান। বরং তার দলের পক্ষে দ্রুত রান তোলার প্রচেষ্টাও চালিয়েছেন তিনি।

ব্যক্তিগত অর্জন ও দলের ফায়দা- এই দু’টো বিষয় ব্যালেন্স করার সক্ষমতা বহু ক্রিকেটারের মধ্যেই থেকে যায় অনুপস্থিত। সে কারণেই বরং বাকিদের তুলনায় অমিত আলাদা। দূর্দান্ত ধারাবাহিক ব্যাটিং নৈপুন্যে তিনি গত জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগকে চ্যাম্পিয়ন হতে সহয়তা করেছিলেন।

৭৮৫ রান এসেছিল তার ব্যাট থেকে, গড় ছিল ৭৮.৫০। সেই আসরেও একমাত্র দ্বিশতক এসেছিল অমিত হাসানের ব্যাট থেকেই। এবারেও প্রথম ও একমাত্র দ্বিশতক হাঁকালেন তরুণ এই ব্যাটার। ফর্মের একেবারে তুঙ্গে রয়েছেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই মুহূর্তে অমিতের জন্য জাতীয় দলের দুয়ার প্রায় অবরুদ্ধ।

বাংলাদেশ জাতীয় টেস্ট দলের ৩-৫ এই পজিশনে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ ও মুশফিকুর রহিমের মত বড় বড় নাম। তাদের ভীড়ের মাঝে জায়গা করে নেওয়া কঠিন বটে। কেননা তারা প্রত্যেকেই তো পরীক্ষিত। এই মুহূর্তে তাই অমিতের সামনে ধারাবাহিকভাবে পারফরম করে যাওয়া ছাড়া দ্বিতীয় কোন বিকল্প পথ খোলা নেই।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link