স্রেফ ১৩ রান খরচা। আগের দিন বল হাতে হাফসেঞ্চুরি পার করেছিলেন আর্শদ্বীপ সিং। কিন্তু তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রোটিয়াদের ব্যাটিং অর্ডারকে রীতিমত অসহায় বানিয়ে দিলেন তিনি। ভারতের বা-হাতি এই পেসারের কল্যাণেই মাত্র ১১৭ রানে থেমেছে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে, এক আর্শদ্বীপই যেন ভারতকে এনে দিলেন আপারহ্যান্ড। তার দুর্ধর্ষ বোলিংয়ে এদিন নিরুত্তর প্রোটিয়া ব্যাটাররা। প্রথম ওভারেই আর্শদ্বীপ আঘাত হানেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দূর্গে। রিজা হেন্ড্রিকসকে ফেরালেন রানের খাতা খোলার আগেই।
প্রথম স্পেলে একটানা তিন ওভার করলেন বা-হাতি এই পেসার। তিন ওভারে তার খরচ মাত্র নয় রান। সফরকারীদের উপর রাজ্যের চাপ চাপিয়ে দেন আর্শদ্বীপ। আগের দিনের প্রতিশোধ ষোলআনা নিয়ে নিলেন তিনি। আর্শদ্বীপের বোলিং তোপে পাওয়ার প্লে শেষে স্রেফ ২৫ রানে তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

তার সৃষ্টি করা চাপের ভীতের উপর দাঁড়িয়ে, এইডেন মার্করামদের দলের টপ অর্ডার ধসিয়ে দেন হার্শিত রানা। সেই পরিস্থিতি থেকে আর পরিত্রাণ পাওয়া হয়নি দক্ষিণ আফ্রিকার। তবে একটা প্রান্ত থেকে ঠিকই লড়াই চালিয়ে গেছেন প্রোটিয়া অধিনায়ক, ৪৬ বলে ৬১ রানের একটা দায়িত্বশীল ইনিনংস খেলে গেছেন। তিনিই জ্বেলে রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার সমস্ত আশার আলো।
কিন্তু দারুণ ছন্দে থাকা, আর্শদ্বীপ সেই আশার প্রদীপকেও নিভিয়ে দিলেন দমকা হাওয়ায়। কট বিহাইন্ড হয়ে মার্করামের ইনিংসের অবসান ঘটে। তাতে করে স্বল্প সংগ্রহ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সফরকারীদের। আগের দিন উইকেট শূন্য থাকা, পঞ্চাশের বেশি রান হজম করা, নিঃসন্দেহে দারুণ মানসিক পীড়া দিয়েছিল আর্শদ্বীপকে।
তবে ঠিকই দৃঢ়তার পোক্ত চরিত্র হয়ে হাজির হলেন আর্শদ্বীপ সিং। দলের পরাজয়ের দায় যেমন তার উপর বর্তায়, ঠিক তেমননি জয় ছিনিয়ে নেওয়ার দায়িত্বও তার কাঁধে ন্যাস্ত। দায়িত্ব গ্রহণে তার দৃঢ়চেতা মানসিকতার ফলেই তো সিরিজে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেল ভারত।












