আজমতউল্লাহ ওমরজাইয়ের দুটো ক্যাচই ছাড়লেন শামীম পাটোয়ারি। ফিরে পাওয়া জীবনের সবটাই কাজে লাগালেন ওমরজাই। স্বস্তিতে থাকা ঢাকা ক্যাপিটালসের কপালে এনে দিলেন চিন্তার ভাজ।
ইনিংসের ১৭তম ওভার, ওমরজাইয়ের স্কোর তখন ৯ বলে ১৫। তিনি দাঁড়িয়ে গেলে কি হতে পারে তা সবারই জানা। তবে ওখানেই সব কিছু শেষ হয়ে যেতে পারত যদি না চরম ভুলটা করতেন শামীম। ছক্কা হাঁকাতে উদ্যত হওয়া ওমরজাইয়ের ব্যাটে-বলে সংযোগটা ঠিকঠাক হলো না। মিড-অফে সহজ ক্যাচ উঠল শামীমের জন্য। তবে হাতছাড়া করলেন তিনি, যার মাশুল গুনতে হলো দলকে।

এরপর ওমরজাই নিজের ব্যাট চালালেন স্বভাবজাত ভঙ্গিতে। তবে সবকিছু নিখুঁত হলো না। ১৬ বলে ২৭ রান করা ওমরজাই আরও একবার ক্যাচ ধরার সুযোগ দিলেন ঢাকাকে। এবারও বলের নিচে শামীম পাটোয়ারি, জায়গাটা লং অফ। তবে এবারও তালুবন্দ করতে ব্যর্থ হলেন শামীম, শুধু তাই নয়, বলটা গড়িয়ে চলে গেল সীমানার বাইরে।
আরও একবার জীবন পেয়ে রীতিমতো আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠলেন ওমরজাই। ফিফটি তুলে নিলেন মাত্র ২৪ বল খেলে। পাঁচ চার আর তিন ছক্কা দিয়ে সাজানো ২০৮ স্ট্রাইক রেটের ইনিংসটা যে বড় রকমের বিপদেই ফেলেছে ঢাকাকে। যে রান থামতে পারত ১৫০-এর আশেপাশে সেটাই কিনা হয়েছে ১৭৩। অবশ্য ওমরজাইয়ের মানের কাউকে এমন সুযোগ দিলে এটা হওয়ায় তো স্বাভাবিক।

শামীম পাটোয়ারির সময়টা যে খুব একটা ভালো কাটছে না কোনোভাবেই। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, দল ঘোষণা হয়নি এখনো। ক্যাচের মতো যেন বিশ্বকাপ দলের জায়গা পাওয়াটা হাত থেকে না বেরিয়ে যায়।











