ওয়ানডে ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে রানই ব্যাটারদের প্রকৃত পরিচয়। কেউ দলীয় স্কোর টেনে নিয়ে, কেউ চাপের মুহূর্তে, আবার কেউ রান তাড়া করে নিজের নাম লিখিয়েছেন এ রানের রাজ্যে। সেই রাজ্যে ১১ হাজার ওয়ানডে রান এক বিশেষ মাইলফলক।
খুব অল্প কয়েকজনই দ্রুততম সময়ে এই কীর্তিতে পৌঁছাতে পেরেছেন। সবচেয়ে দ্রুততম সময়ে ১১ হাজার রানের অভিজাত ক্লাবে প্রবেশ করা পাঁচ কিংবদন্তিদের নিয়ে থাকছে খেলা ৭১-এর আজকের আয়োজন।
- সৌরভ গাঙ্গুলি

ভারতীয় ক্রিকেট ইতিহাসে বড় ও তাৎপর্যপূর্ণ এক অধ্যায়ের নাম সৌরভ গাঙ্গুলি। মার্জিত স্ট্রোকপ্লে আর নেতৃত্বের দৃঢ়তায় সৌরভ গাঙ্গুলি ছিলেন অনন্য এক ব্যাক্তিত্ব।
২৭ আগস্ট ২০০৭ এ বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি পূর্ণ করেন ১১,০০০ ওয়ানডে রান। নিজের ২৮৮তম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করা গাঙ্গুলির প্রভাবশালী ও স্মরণীয় ওয়ানডে ক্যারিয়ারের এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে আছে।
- রিকি পন্টিং

অস্ট্রেলিয়ান আধিপত্যের যুগের সবচেয়ে উজ্জ্বলতম প্রতিচ্ছবিটাই যেন রিকি পন্টিং। ২৪ ফেব্রুয়ারি ২০০৮ এ সিডনিতে ভারতের বিপক্ষে ম্যাচে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১১,০০০ রান পূর্ণ করেন তিনি।
২৮৬ তম ইনিংসে এসে এই অর্জন পন্টিংয়ের ক্যারিয়ারে যোগ করে আরেকটি প্রমাণ, তিনি শুধু সফল অধিনায়কই নন, ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারও।
- শচীন টেন্ডুলকার

রানের সঙ্গে যে নামটি যেন সমার্থক, তিনিই শচীন টেন্ডুলকার। ২৮ জানুয়ারি ২০০২ এ কানপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি অতিক্রম করেন ১১,০০০ ওয়ানডে রানের সীমা। নিজের ২৭৬তম ইনিংসে এই কীর্তি গড়ে শচীন প্রমাণ করেন কেন তিনি নিজের প্রজন্মের সবচেয়ে নির্ভরযোগ্য ও ধারাবাহিক ব্যাটার হিসেবে পরিচিত।
- রোহিত শর্মা

সময় যত এগিয়েছে, রোহিত শর্মা ততই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ওয়ানডে ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে। ২০ ফেব্রুয়ারি ২০২৫-এ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তিনি ছুঁয়ে ফেলেন ১১ হাজার ওয়ানডে রানের মাইলফলক। নিজের ২৬১তম ইনিংসে এই অর্জন রোহিতের দীর্ঘ, ধারাবাহিক ও সফল ওয়ানডে ক্যারিয়ারে যোগ করে আরেকটি উজ্জ্বল অধ্যায়।
- বিরাট কোহলি

ফরম্যাটটি যখন ওয়ানডে, তখন ক্রিকেট আকাশের সবচেয়ে উজ্জ্বলতম তারাটির নাম যে বিরাট কোহলি, তা সবার কাছেই অনুমেয়। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ম্যানচেস্টারে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই ইতিহাস গড়েন তিনি।
১৬ জুন ২০১৯ এ নিজের ২২২তম ইনিংসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১১,০০০ রান পূর্ণ করে দ্রুততম ব্যাটার হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নেন কোহলি। বিশ্বকাপের মঞ্চ, প্রতিপক্ষ পাকিস্তান, সব মিলিয়ে সেই মুহূর্ত ছিল চাপ আর মর্যাদার এক অনন্য সংমিশ্রণ।










