বাংলাদেশের ম্যাচ আয়োজনে বিপাকে পড়বে না শ্রীলঙ্কা

ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার ক্ষেত্রে অসুবিধা হওয়ার বিশেষ কোন কারণ নেই।

ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার ক্ষেত্রে অসুবিধা হওয়ার বিশেষ কোন কারণ নেই। তাছাড়া এবারই যে প্রথম কোন আয়োজক দেশে যেতে অস্বীকৃতি জানাচ্ছে কোন দল, বিষয়টি তেমনও নয়। খোদ ভারতই পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছে, নিকট অতীতে।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের যায়নি ভারত। যার কারণে হাইব্রিড মডেলে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া ২০২৫ সালের এশিয়া কাপেও পাকিস্তানে যেতে চায়নি ভারত। যার কারণে পুরো টুর্নামেন্টটাই স্থানান্তরিত হয় সংযুক্ত আরব আমিরাতে। এর আগে ২০২৩ সালের এশিয়া কাপেও ভারতের অসুবিধার কারণে পুরো টুর্নামেন্ট স্থানান্তরিত হয় শ্রীলঙ্কায়। এবার ভারত পাকিস্তানকে আতিথিয়েতা দিবে না বলে পাকিস্তানের সকল ম্যাচ আয়োজিত হচ্ছে শ্রীলঙ্কায়।

অতএব বাংলাদেশের ভারতে না যাওয়ার প্রসঙ্গতে খুব বেশি অপ্রস্তুত হওয়ার কিছু নেই। ইতোমধ্যেই অন্তত ২০টি ম্যাচ আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে শ্রীলঙ্কা। আর চারখানা ম্যাচ আয়োজনে বিপাকে অন্তত পড়ার কথা নয়। এছাড়া কলম্বো এবং ক্যান্ডি উভয় ভেন্যুতেই ফ্লাডলাইটের ব্যবস্থা রয়েছে, আর প্রতিদিন শ্রীলঙ্কায় স্রেফ একটি করে ম্যাচই আয়োজিত হবে। সুতরাং স্রেফ চারদিনের জন্য দিনের দু’টো খেলা পরিচালনা করার প্রস্তুতি নিতে বেগ পোহাতে হবে না শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে।

আর যদি বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করে, তখনও সমস্যার সুযোগ নেই। কেননা আগে থেকেই র‍্যাংকিংয়ের ভিত্তিতে দলগুলো সিড করা, ভারতে যেন পাকিস্তানের ম্যাচগুলো এড়ানো যায় সে উদ্দেশ্যে। বাংলাদেশের গ্রুপের ওয়েস্ট ইন্ডিজকে রাখা হয়েছে গ্রুপ-১-এ, অন্যদিকে ইংল্যান্ডকে রাখা হয়েছে গ্রুপ-২-তে।

সুপার এইটে দু’টো গ্রুপের ম্যাচগুলো হবে দুই ভিন্ন দেশে। সেই মোতাবেক গ্রুপ-২ এর সবগুলো ম্যাচই আয়োজিত হবে শ্রীলঙ্কায়। যেহেতু সুপার এইটেও ম্যাচগুলো হবে রাউন্ড রবিন লিগে এবং প্রথম রাউন্ড থেকে কোন পয়েন্ট ক্যারি হবে না সুপার এইটে- সেহেতু যদি বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যায়, তাহলে গ্রুপ-২তে ফেলে দিলেই ঝামেলার পরিসমাপ্তি ঘটে যাবে।

অতএব ভারতের ক্রিকেট বোর্ড থেকে যতই নেতিবাচক মন্তব্য আসুক না কেন, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন অগ্রহণযোগ্য কোন বিষয় নয়। আর তাছাড়া আয়োজনেও খুব বেশি বিপাকে পড়তে হবে না আয়োজক দেশগুলোকে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link