এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল কোথায় হবে, সেটাই এখনও ঠিক করতে পারেনি আইসিসি। ভেন্যু নির্ধারণের জন্য তাদের সামনে আছে চারটি সম্ভাবনা। অথচ, প্রথম সেমিফাইনালের বাকি আর মাত্র সাতদিন। ক্রিকইনফো বা ক্রিকবাজ- ক্রিকেটভিত্তিক যেকোন গণমাধ্যমে ঢুঁ মারলে দেখতে পারবেন সেখানে উল্লেখ নেই ম্যাচের সময় কিংবা ভেন্যু। কিন্তু কেন?
কারণটা সহজ, সহআয়োজকের আড়ালে থাকা তথাকথিত হাইব্রিড মডেল। চারটি সমীকরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রথমত যদি পাকিস্তান সেমিফাইনালে ওঠে তবে স্বাভাবিকভাবেই সেই ম্যাচটি ভারতের অনুষ্ঠিত হবে না। কেননা রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তানের একে অপরের দেশে যাওয়ার ক্ষেত্রে আছে নানা জটিলতা।

সুতরাং পাকিস্তান সেমিফাইনালে গেলে, ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোতে। আবার যদি শ্রীলঙ্কাও সেমিফাইনালে নিজের জায়গা নিশ্চিত করতে পারে, তাহলেও ম্যাচটি হবে কলম্বোতে। এই গেল দুই সরল সমীকরণ। কিন্তু শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠে যদি প্রতিপক্ষ হিসেবে পায় ভারতকে, তাহলে ম্যাচটি আয়োজিত হবে ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে।
এই তিন সমীকরণের একটিও যদি বাস্তব না হয়, তবে এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের ভেন্যু হবে কলকাতা। আর যদি চতুর্থ সমীকরণ বাস্তব হয়, তবে সেমিফাইনাল থেকে শুরু করে ফাইনাল- এই তিন হাইভোল্টেজ ম্যাচের একটিও আয়োজিত হবে না শ্রীলঙ্কার মাটিতে। তাতে করে লঙ্কান সমর্থকরা বঞ্চিত হল বটে। এমন গোঁজামিল দিয়েই চলছে আইসিসির বৈশ্বিক সব আসর।












