বাংলাদেশের রিভিউয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে পাকিস্তান

শাহীন শাহ আফ্রিদিকে ছোড়া রিশাদ হোসেনের বলটি নিয়েই আলোচনা-সমালোচনা সর্বত্র। এর মাঝে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে পাকিস্তান।

ওয়াইড ইস্যুকে আরেকধাপ বিতর্কে জড়াল পাকিস্তান। শাহীন শাহ আফ্রিদিকে ছোড়া রিশাদ হোসেনের বলটি নিয়েই আলোচনা-সমালোচনা সর্বত্র। এর মাঝে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে পাকিস্তান। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদকে তারা জানিয়েছে বাংলাদেশ টিভি রিপ্লে দেখার পর রিভিউ নিয়েছে।

দুই বলে ১২ রানের সমীকরণের মাথায় করা রিশাদের বলটা নানামুখী আলোচনার জন্ম দিয়েছে। শাহীন শাহ আফ্রিদির স্পোর্টসম্যানশীপ নিয়ে প্রশ্ন যেমন উঠছে, তেমনি লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর গেম অ্যাওয়ারনেস প্রশংসা কুড়াচ্ছে। সেই সাথে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সঠিক সিদ্ধান্ত নেওয়ায় বাহবা পাচ্ছেন।

এই সব কিছু সম্ভব হয়েছে ফলাফল বাংলাদেশের পক্ষে যাওয়ায়। আর তাতেই যেন রাজ্যের ক্ষোভ জমা হয়েছে পাকিস্তান শিবিরে। বাংলাদেশের রিভিউ নেওয়ার ঘটনায় তো মাঠেই প্রতিবাদ করেছিলে শাহীন শাহ আফ্রিদি। রাগ ঝাড়তে তিনি ব্যাট দিয়ে মাটিতেও আঘাত করেছিলেন। কিন্তু পাকিস্তান দলের মতে বাংলাদেশ দল নিয়ম বহির্ভূতভাবে সেই রিভিউটি নিয়েছিল।

পাকিস্তানের দাবি স্টেডিয়ামের বড় পর্দায় বলটি ব্যাটের পাশ দিয়ে যাওয়ার দৃশ্য দেখানো হচ্ছিল, যা দেখে বাংলাদেশ দলের মনে হতে পারে যে বলটি ব্যাটে লেগে থাকতে পারে এবং সেই তথ্য থেকেই তারা রিভিউ নেওয়ার সিদ্ধান্তে প্রভাবিত হয়েছে। যেহেতু প্রথমেই ওয়াইডের সিদ্ধান্ত জানানো হয়, তাই স্বাভাবিকভাবে রিভিউ নেওয়ার প্রশ্নই ওঠে না। নিয়মেও নেই সেটা।

এছাড়াও পাকিস্তানের অভিযোগ, বাংলাদেশকে হয়তো নির্ধারিত সর্বোচ্চ ১৫ সেকেন্ড সময়সীমার বাইরে গিয়েও রিভিউ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সম্প্রচারে কোনো টাইমার দেখা যায়নি, তাই বাংলাদেশ সময়ের মধ্যে রিভিউ নিয়েছিল কি না- তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

পাকিস্তান অভিযোগ দায়ের করেছে ঠিকই কিন্তু ম্যাচ রেফারির কাছ থেকে ঠিক কী ধরনের পদক্ষেপ পাকিস্তান ক্রিকেট বোর্ড চায়, তা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, অন্ততপক্ষে তারা চায় প্রকাশ্যে স্বীকার করা হোক যে একটি ভুল হয়েছিল।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link