সিডনিতে গ্রেফতার ডেভিড ওয়ার্নার

করাচির পরের ম্যাচ ৯ এপ্রিল। তার আগে দলকে নেতৃত্ব দিতে পারবেন কি না, তা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটাও অনেকটাই কেটে গেছে।

গ্রেফতার হয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথে হঠাৎ এই ঘটনা ঘটেছে অস্ট্রেয়ার সিডনিতে। মাঠের লড়াইয়ের মাঝেই আইনী জটিলতায় খবরের শিরোনাম হলেন তিন।

পাকিস্তান সুপার লিগ-এ করাচি কিংসের অধিনায়ক হিসেবে খেলছেন ওয়ার্নার। লিগে পাঁচ দিনের বিরতি পেয়ে গুড ফ্রাইডে আর ইস্টারের ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন তিনি। কিন্তু সেই ছুটিই হয়ে উঠল বিপদের কারণ।

গত রবিবার, ইস্টার সানডের রাতে সিডনির রাস্তায় গাড়ি চালানোর সময় তাঁকে থামায় নিউ সাউথ ওয়েলস পুলিশ। নিয়ম অনুযায়ী নিঃশ্বাস পরীক্ষা করা হলে দেখা যায়, অনুমোদিত সীমার দ্বিগুণ অ্যালকোহল রয়েছে তাঁর শরীরে। সেখানেই শেষ নয়—মারুব্রা থানায় নিয়ে গিয়ে আবার পরীক্ষা করা হয়, এবং ফল একই আসে। এরপরই গ্রেফতার করা হয় অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারকে।

তবে দীর্ঘ সময় আটকে থাকতে হয়নি। জামিনে মুক্তি পেয়েছেন ওয়ার্নার, যদিও সামনে রয়েছে আইনি লড়াই। আগামী ৯ মে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর ড্রাইভিং লাইসেন্স বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এখন প্রশ্ন—এই ঝামেলায় কি পিএসএলে তাঁর খেলা অনিশ্চিত? আপাতত তেমনটা মনে হচ্ছে না। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম বলছে, যে ধারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তাতে দেশ ছাড়তে কোনো বাধা নেই। পাসপোর্টও জমা রাখতে হয়নি। ফলে নির্ধারিত সময়েই পাকিস্তানে ফিরে করাচি কিংসের হয়ে মাঠে নামতে পারবেন তিনি।

করাচির পরের ম্যাচ ৯ এপ্রিল। তার আগে দলকে নেতৃত্ব দিতে পারবেন কি না, তা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটাও অনেকটাই কেটে গেছে। তবে এই ঘটনা যে ওয়ার্নারের ক্যারিয়ারে নতুন এক বিতর্কের দাগ ফেলল, সেটা বলাই যায়। মাঠের বাইরে এক ভুল সিদ্ধান্ত—আর সেটাই এখন তাঁকে ফেলেছে কঠিন প্রশ্নের সামনে।

Share via
Copy link