খেলাটা ২০ ওভারের। এমনিতেই এই ফরম্যাটে একজন ব্যাটারের পক্ষে সেঞ্চুরি পাওয়া মুখের কথা নয়। সেখানে একজন ব্যাটার সেঞ্চুরি করলেন ১৫ তম ওভারেই, তাও আবার ছক্কা হাকিয়ে। নামটা যখন অভিষেক শর্মা, তখন আসলে এই তথ্যে আকাশ ভেঙে পড়ার কিছু নেই। তিনি আসলে ব্যাট চালান এভাবেই, আর প্রায়শই তাঁর ব্যাট থেকে এমন প্রকাণ্ড সব ইনিংস আসে।
দিল্লী ক্যাপিটালসের অভাববোধটা দ্বিগুন করে দিলেন অভিষেক শর্মা। এমনিতেই বলকে পেটানোর জন্য অভিষেকের জুড়ি মেলা কঠিন। তার ওপর বরাবরের মত এবারও গুণে গুণে পাঁচ বোলার নিয়েই খেলতে নেমেছে দিল্লী।

ফলাফল, দিল্লী আরেকজন বোলার না থাকার আক্ষেপটা হাড়ে হাড়ে টের পেল। সবচেয়ে বেশি ঝড় গেল নিতিশ রানার বিপক্ষে। এই একজনের বিপক্ষেই ১২ বল খেলে ৩৬ রান আদায় করেছেন অভিষেক। চারটা ছক্কা আর দু’টো চার। ৪৭ তম ডেলিভারিতে তিন অংকের ম্যাজিকাল ফিগারে পৌঁছান। আইপিএলে এটা সানরাইজার্স হায়দ্রাবাদের এই ব্যাটারের দ্বিতীয় সেঞ্চুরি।
৬৮ বলে খেলেছেন ১৩৫ রানের ইনিংস। ১০ টি ছক্কা আর ১০ টি চারে সাজানো ইনিংস। আর সেই ইনিংসে ভর করেই ২৪২ রানের পাহাড় গড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স বরাবরই আইপিএলে বড় সব ঝড় তোলার জন্য বিখ্যাত। আর সেই ঝড়ের প্রাণ ভোমরা এই অভিষেক শর্মা। এবারও তাঁর কোনো ব্যতিক্রম হল না।











