অসম্ভবকে সম্ভব করলেন উসমান খান!

রাতটা যখন পুরোপুরি গ্রাস করে নিয়েছিল স্টিভেন স্মিথ নামের এক দানব, তখনই অন্য প্রান্তে নিঃশব্দে জন্ম নিচ্ছিল আরেক গল্প, প্রতিশোধের, প্রত্যয়ের, আর অসম্ভবকে সম্ভব করার গল্প। যার লেখক উসমান খান। শতক হাঁকিয়ে যিনি মুলতান সুলতানের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এলেন ম্যাচটাকে।

রাতটা যখন পুরোপুরি গ্রাস করে নিয়েছিল স্টিভেন স্মিথ নামের এক দানব, তখনই অন্য প্রান্তে নিঃশব্দে জন্ম নিচ্ছিল আরেক গল্প, প্রতিশোধের, প্রত্যয়ের, আর অসম্ভবকে সম্ভব করার গল্প। যার লেখক উসমান খান। শতক হাঁকিয়ে যিনি মুলতান সুলতানের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এলেন ম্যাচটাকে।

হায়দ্রাবাদের সামনে ২১৪ রানের বিশাল পাহাড় দাঁড়িয়ে গেছে। মুলতান সুলতানের ইনিংস শেষে মনে হচ্ছিল, ম্যাচটা বুঝি আগেই লিখে ফেলা, ফলাফল নির্ধারিত, কেবল আনুষ্ঠানিকতা বাকি। বিশেষ করে স্মিথ যেভাবে রাজত্ব করেছেন এরপর নতুন কারো রাজ করার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু ক্রিকেট নামের এই অনিশ্চয়তার খেলায় চিত্রনাট্য বদলাতে সময় লাগে না। আর সেই চিত্রনাট্যের নায়ক হয়ে আবির্ভূত হলেন উসমান খান।

শুরুটা অবশ্য সহজ ছিল না। ২১৪ তাড়া করতে নেমে ৪৮ রানের মধ্যেই ফিরে গেছে তিন ব্যাটার। বিশাল লক্ষ্য, চাপ, আর প্রতিপক্ষের আত্মবিশ্বাস, সব মিলিয়ে যেন দমবন্ধ করা এক পরিস্থিতি। কিন্তু উসমান খান যেন অন্য এক জগত থেকে এসেছেন। শুরু থেকেই তার ব্যাটে ছিল না কোনো ভয়, ছিল কেবল আক্রমণের ভাষা। প্রতিটি বল যেন তার কাছে ছিল সুযোগ, আর প্রতিটি শট ছিল একেকটা ঘোষণা, ‘এই লড়াই এখনও বাকি!’

উসমান সঙ্গী করে নিলেন মার্নাস লাবুশানেকে। এরপর ধীরে ধীরে ম্যাচটা বদলাতে শুরু করল। স্কোরবোর্ডে রান বাড়ছে, আর মুলতানের খেলোয়াড়দের চোখে ভর করছে অনিশ্চয়তা। যে ম্যাচটা একসময় একপেশে মনে হচ্ছিল, সেটাই পরিণত হলো এক রুদ্ধশ্বাস লড়াইয়ে। আর সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে উসমান খান।

অবশেষে এলো সেই মুহূর্ত, সেঞ্চুরি! কিন্তু এটা শুধু একটি ব্যক্তিগত মাইলফলক ছিল না, এটা ছিল এক অসম্ভব পাড়ি দিয়ে আসার বীরত্বগাঁথা গল্প। কেননা দল ততক্ষণে দাঁড়িয়ে জয়ের দোরগোড়ায়।

শেষমেষ যখন তিনি থামলেন ব্যক্তিগত খাতায় ৪৭ বলে ১০১ রানের মহাকাব্য। অবশ্য কিছু পথ এখনো পাড়ি দেওয়া বাকি ছিল হায়দ্রাবাদের। তবে উসমান সমস্ত দিক নির্দেশনা দিয়ে গেছেন। সেটা ধরেই ২১৪ রানের পাহাড় চার উইকেট হাতে রেখেই টপকে যায় হায়দ্রাবাদ।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link