সাইয়ের সুদর্শন সেঞ্চুরি!

শুভমন গিলের সাথে ওপেনিং করতে নেমে শুরু থেকেই আক্রমণ করেননি। বরং, একটু দেখেশুনে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।

গত আসরে সবোর্চ রান সংগ্রাহকের মুকুট উঠেছিল মাথায়। তবে ২০২৬ আসরে এসে মরুভূমির বুকে এক ফোঁটা পানির মতোই যেন রান খুঁজতে হচ্ছিল সাই সুদর্শনকে। অবশেষে খরা কাটল অনবদ্য এক শতকে। যেন টানেলের শেষে এক চিলতে আলোর দেখা পেলেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে প্রথম ছয় ম্যাচে মাত্র একটা ফিফটির দেখা পেয়েছিলেন সুদর্শন। এর বাইরে আর ব্যাট হাসেনি তাঁর। কয়েক ম্যাচে অবশ্য কিঞ্চিৎ আশা জাগিয়েছিলেন কিন্তু বড় ইনিংসে রূপান্তরিত করতে পারেননি।
আইপিএলের মোটামুটি অর্ধেক ভাগ শেষ হয়ে গেলেও পয়েন্ট টেবিলে নিজেদের আকাঙ্ক্ষিত অবস্থায় নেই গুজরাট টাইটান্স। মরার উপর খাড়ার ঘা হয়ে ছিল সুদর্শনের রানখরা। তবে আরসিবির ডেরা চিন্নাস্বামী স্টেডিয়ামে অপেক্ষার অবসান ঘটলো।

শুভমন গিলের সাথে ওপেনিং করতে নেমে শুরু থেকেই আক্রমণ করেননি। বরং, একটু দেখেশুনে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। বাজে বলগুলো সীমানা ছাড়া করেছেন আর ভালো বলে রক্ষণাত্মক খেলে ধীরে ধীরে ইনিংস গড়ে তুলেছেন।
তবে সময়ের সাথে খোলস থেকে বেরিয়ে এসে এক রুদ্রমূর্তী। ফিফটি পেরোনর পর আরসিবির বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন। আর তাতেই ধরা দিয়েছে কাঙ্খিত শতক। নিজের ক্যারিয়ের তিন নম্বর সেঞ্চুরি।
১৬তম ওভারে জস হ্যাজলউডের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে খেলেছেন ৫৮ বল। ১১ চার আর পাঁচ ছক্কায় সাজানো ইনিংসে এসেছে কাঁটায় কাঁটায় ১০০ রান।

বামহাতি এই ব্যাটারের সক্ষমতা নিয়ে সন্দেহ ছিল না কারো মনেই। শুধু সময়টাই তাঁর হয়ে কথা বলছিল না। অবশেষে, ব্যাট হাতে ফিরলেন সাই সুদর্শন, জানিয়ে গেলেন, সব খরা কেটে গেছে।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link