শাদাব খান-ইমাদ ওয়াসিমদের বোলিং ঝড়ের সামনে দাঁড়াতেই পারলো না হায়দ্রাবাদ কিংসম্যান। পাকিস্তান সুপার লিগের রোমাঞ্চকর সময়ে খেই হারিয়ে ফেললো প্লে-অফে যাওয়ার পথে। স্বল্প রানের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেড জয় তুলে নিলো মাত্র ৬.৪ ওভারেই।
টস হেরে ব্যাট নেমে শুরুর বলেই হোচট খায় হায়দ্রাবাদ কিংসম্যান। আসা যাওয়ার মহড়ায় দলের হাল ধরার মতো কেউই ছিলেন না। কেবলমাত্র ২৫ রান এসেছে উসমান খানের ব্যাট থেকে, তাও টি-টোয়েন্টির সাথে অমানানসই ৭০ স্ট্রাইকরেটের গতিতে।
ইসলামাবাদের প্রতিটি বোলারই নিয়ন্ত্রিতভাবে হাত ঘুরিয়েছেন। অধিনায়ক শাদাব খান, ইমাদ ওয়াসিম, রিচার্ড গ্লিসন প্রত্যেকেই নিয়েছেন সমান তিনটি করে উইকেট। হায়দ্রাবাদ গুটিয়ে যায় মাত্র ৮০ রান করে।

২০ ওভারে জেতার জন্য প্রয়োজন মাত্র ৮১টি রান। অবশ্য দ্বিতীয় বলেই ডেভন কনওয়ে সাজঘরের পথ ধরলে কিছুটা হলেও ভয় যেন ধরেছিল ইসলামাদের শিবিরে। কিন্তু, আর কোনো বিপদ আসেনি।
সামির মিনহাজ আর মোহসিন রিয়াজ খেলে গেছেন নিরাপদে। বাজে বলে আক্রমণ চালিয়ে দলকে নিয়ে গেছেন জয়ের নিকটে। মোহসিন ১৮ বলে ৪২ রান করে ফিরে যাওয়ার পরের বলেই শাদাব খান ম্যাচ শেষ করেছেন বাউন্ডারি হাঁকিয়ে।
টি-টোয়েন্টিতে এখন প্রতিনিয়ত দেখা যায় রানের বন্যা। কিন্তু, ইসলামাবাদ-হায়দ্রাবাদের ম্যাচ দেখতে আসা দর্শকেরা এমন কিছু দেখার সুযোগ পাননি। দুই ইনিংসে ৪০ ওভারের ম্যাচ ২২.৩ ওভারে শেষ করে আট উইকেটের জয় তুলেছে ইসলামাবাদ।











