জাতীয় দলের ত্রাতা, আইপিএলে দিশেহারা

এই হার্দিককে কি চেনা যায়? যিনি ভারতের জার্সিতে বিশ্বকাপের ফাইনাল ওভারে স্নায়ু ধরে রেখে ট্রফি ছিনিয়ে আনেন, সেই একই মানুষটি কেন মুম্বাইয়ের নীল-সোনালি পোশাকে এতটা বিবর্ণ?

বাইশ গজের চিরন্তন নিয়ম বলছে, সেনাপতিই সবার আগে বুক চিতিয়ে লড়াই করবেন। কিন্তু ওয়াংখেড়ের গ্যালারি সেদিন সাক্ষী থাকল সেনাপতির এক অদ্ভুত আত্মসমর্পণের। যখন চেন্নাইয়ের ব্যাটারদের রুখতে অভিজ্ঞ হার্দিক পান্ডিয়ার হাতে বল ওঠা ছিল সময়ের দাবি, তখন তিনি দায়িত্ব ছেড়ে দিলেন এক নবাগত তরুণের কাঁধে।

এই হার্দিককে কি চেনা যায়? যিনি ভারতের জার্সিতে বিশ্বকাপের ফাইনাল ওভারে স্নায়ু ধরে রেখে ট্রফি ছিনিয়ে আনেন, সেই একই মানুষটি কেন মুম্বাইয়ের নীল-সোনালি পোশাকে এতটা বিবর্ণ? পরিসংখ্যানের গহীনে ডুব দিলে যে সত্য বেরিয়ে আসে, তা কেবল ফর্মের অভাব নয়। বরং এক রহস্যময় বৈপরীত্যের গল্প।

জাতীয় দলের হয়ে হার্দিক যখন মাঠে নামেন, পরিসংখ্যান তার পক্ষে গান গায়। কিন্তু আইপিএলের আঙিনায় সেই সুর কেটে যায় বারবার। বিশেষ করে মুম্বাইয়ে প্রত্যাবর্তনের পরই যেন আইপিএলে তার রুদ্রমূর্তি উধাও।

মুম্বাইয়ে ফেরার পর থেকে পাওয়ারপ্লেতে হার্দিকের ইকোনমি ১২.১৭। যা একজন ফ্রন্টলাইন বোলারের জন্য রীতিমতো দুশ্চিন্তার। অথচ ভারতের জার্সিতে এই চিত্র সম্পূর্ণ ভিন্ন।সেখানে পাওয়ারপ্লেতে তার ইকোনমি মাত্র ৮.১৫।

এমনকি ডেথ ওভারেও দেশের হয়ে যেখানে ওভার প্রতি তিনি গড়ে ৯.৭ রান দেন , মুম্বাইয়ের হয়ে সেখানে তিনি রান বিলিয়েছেন ১৫.৭৫ ইকোনমিতে। অর্থাৎ জাতীয় দলের তুলনায় মুম্বাইয়ের হয়ে ডেথ ওভারে তিনি গড়ে ছয় রান বেশি খরচ করছেন।

ব্যাট হাতেও হার্দিক যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। ২০২৪ সাল থেকে জাতীয় দলের হয়ে ডেথ ওভারে তার স্ট্রাইক রেট ১৮৪.১১, যেখানে প্রতি ৭.৭ বলে একটি ছক্কা নিশ্চিত। কিন্তু মুম্বাইয়ের হয়ে সেই হার্দিকই যেন চির অচেনা।  স্ট্রাইক রেট নেমে আসে ১৫৬.১ এ, আর ছক্কার ব্যবধান বেড়ে দাঁড়ায় ১১.৫৩ বল।

একজন অলরাউন্ডারের আসল সার্থকতা তার ইমপ্যাক্টে। ভারত যে হার্দিকের ওপর চোখ বন্ধ করে ভরসা করে, মুম্বাই ইন্ডিয়ান্সে তাকে খুঁজে পাওয়া এখন এক মস্ত বড় ধাঁধা। দেশ বনাম ফ্রঞ্চাইজি। এই দুই মেরুর লড়াইয়ে হার্দিক কি পারবেন আবারও সেই হারানো তেজ ফিরে পেতে?

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link