১৫ রানেই থেমে গেল বাংলাদেশের ওপেনিং জুটি। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বাংলাদেশের উদ্বোধনী জুটি। দুই ইনিংস মিলিয়ে জুটিতে মোট রান মাত্র ৩৩।
প্রথম ইনিংসে জুটি থেমেছিল মাত্র ১৮ রানে। দুই ওপেনার মিলে দুই ইনিংসে করেছেন কেবল ৩৬ রান। মানে, একজন ফিরে গেলে পেছন পেছন আরেকজনও রওনা দিয়ে দেন।
দুই ইনিংসে মাহমুদুল হাসান জয়ের রান ১৩, আর একটু এগিয়ে থাকা সাদমান ইসলামের রান ২৩। যদিও, শঙ্কা কাউকে ঘিরেই খুব একটা কম নয়।
গেল কয়েক বছর ধরেই বাংলাদেশের টেস্ট শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে ওপেনিং জুটি। শেষ দুই বছরের পরিসংখ্যান মাথায় নিলে চিত্রটা ভয়াবহ। ১৭ ইনিংসে উদ্বোধনী জুটির গড় মাত্র ৩৩!

তারপরও সম্ভবত দুই ব্যাটারই চট্টগ্রাম টেস্টের একাদশে জায়গা পেয়ে যাবেন। কারণ, এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে রান করেছেন দু’জনই। দুই টেস্টের সিরিজে এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরি-সহ জয় করেন ২৬৫ রান, অন্যদিক সাদমান এক দু’টি হাফ সেঞ্চুরিতে করেন ১৯৩ রান।
তবে, কোয়ালিটি বোলিং আক্রমণের বিরুদ্ধে দু’জনের ব্যাটিং টেকনিকই বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। দুই ইনিংসেই প্রায় একই ভাবে স্লিপে ক্যাচ তুলে দিয়েছেন সাদমান ইসলাম। জয় একবার এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন, একবার কট বিহাইন্ড। ব্যাট হাতে কোনোরকম প্রতিরোধই গড়তে পারছেন না তাঁরা।
সাদামান টেস্ট খেলেন প্রায় আট বছর ধরে, জয়ের টেস্ট ক্যারিয়ারের বয়সও প্রায় ছয় বছর হতে চলল। কিন্তু, গড় ব্যাটিং গড়ই এখনও ৩০ ছুঁতে পারেনি। এটুকু পরিসংখ্যানই বলে দেয়, ওপেনিং জুটিটাই এখন বাংলাদেশের মাথা ব্যাথার সবচেয়ে বড় কারণ।











