দুই ফরম্যাটেই অধিনায়কত্ব পাচ্ছেন শ্রেয়াস?

ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে এখন পরিবর্তনের হাওয়া। আইপিএল ২০২৬-এর ধামাকা শেষ হতেই নীল জার্সিধারীদের ড্রেসিংরুমে বড় ধরনের রদবদলের ইঙ্গিত মিলছে।

ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে এখন পরিবর্তনের হাওয়া। আইপিএল ২০২৬-এর ধামাকা শেষ হতেই নীল জার্সিধারীদের ড্রেসিংরুমে বড় ধরনের রদবদলের ইঙ্গিত মিলছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে একক নেতৃত্বের প্রশ্নে বোর্ড এখন নতুন করে ভাবতে শুরু করেছে। আর সেই ভাবনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

নির্বাচক কমিটি এখন দুই ফরম্যাটের জন্য আলাদা অধিনায়ক রাখার প্রথা ভেঙে একজনের হাতেই দায়িত্ব সঁপে দিতে চাইছে। সাম্প্রতিক সময়ে ইনজুরি কাটিয়ে শ্রেয়াস আইয়ার যেভাবে আইপিএলে তার ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন, তাতে মুগ্ধ অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী।

​টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা এনে দেওয়া সুরিয়াকুমার যাদব এখন ফর্মে নেই। অন্যদিকে, রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে ওডিআই দলের দায়িত্ব পাওয়া শুভমান গিলকে ভাবা হয়েছিল দীর্ঘমেয়াদী সমাধান। তবে বোর্ড এখন একজন কমন লিডার খুঁজছে। সেক্ষেত্রে অধিনায়কত্ব হারাতে পারেন গিলও। কিন্তু বোর্ড স্পষ্ট করেছে, বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে সুরিয়ার অবদানকে যথাযোগ্য সম্মান জানানো হবে।

বিসিসিআই এর এক উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এনডিটিভি’কে জানান, ‘আমরা এমন একজনকে খুঁজছি যিনি টি-টোয়েন্টি এবং ওডিআই – উভয় দলকেই একই দর্শনে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। শ্রেয়াস আইয়ার গত কয়েক বছরে কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও তার নিবেদন প্রশ্নাতীত।’

​আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে ভারতের আন্তর্জাতিক মৌসুম শুরু হতে যাচ্ছে জুনের ৬ তারিখ থেকে। এরপরই রয়েছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর। আগামী বছরের ৫০ ওভারের বিশ্বকাপের ব্লু-প্রিন্ট সাজাতেই মূলত এই রদবদলের পথে হাঁটছে বিসিসিআই।

​সব মিলিয়ে, আইপিএলের পারফরম্যান্স কি আইয়ারের মাথায় দুই ফরম্যাটেরই রাজমুকুট পরিয়ে দেবে? উত্তরটার জন্য অপেক্ষা করতে হচ্ছে আয়ারল্যান্ড সফর অবধি।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link