দিনটা কেবলই দিলারা আক্তারের জন্য লেখা ছিল। স্কটল্যান্ডের এডিনবার্গে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমে ব্যাট হাতে যা করলেন, তা শুধু ম্যাচ জেতানোর গল্প নয়, রেকর্ড বই নতুন করে লেখারও গল্প। যেটাই মূলত ১৩ রানের জয় এনে দিয়েছে বাংলাদেশকে।
শুরুতেই বৃষ্টি কেড়ে নেয় ম্যাচের ১২ ওভার। আগে ব্যাট করতে নামা বাংলাদেশের সময় ছিল মাত্র আট ওভার। সেটাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য যা যা করা দরকার সেটাই করেছেন দিলারা। ডাচ বোলারদের কোনো সুযোগই দেননি তিনি। একের পর এক বাউন্ডারি আর বড় শটে মুহূর্তেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন নিজের হাতে। অন্য প্রান্তে জুয়াইরিয়া ফেরদৌস ৮ বলে ১৩ রান করে ফিরলেও দিলারার ব্যাট থামেনি।
তিন নম্বরে নামা সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন এই ওপেনার। মাত্র ২২ বলেই তুলে নেন ফিফটি। আর তাতেই গড়ে ফেলেন বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড। ভেঙে দেন রুমানা আহমেদের ২৮ বলে ফিফটির পুরোনো কীর্তি। দিলারার ঝড় থামে ২৬ বলে ৫১ রান করে। নির্ধারিত আট ওভারে তিন উইকেট হারিয়ে ৯৮ রান তোলে বাংলাদেশ।

৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় নেদারল্যান্ডসও। উদ্বোধনী জুটিতে আসে ৫২ রান। একপর্যায়ে ম্যাচ বাংলাদেশের নাগালের বাইরে চলে যাচ্ছে বলেই মনে হচ্ছিল।
তবে তখনই আঘাত হানেন ফারিহা ইসলাম তৃষ্ণা। একই ওভারে ফেরান দুই ওপেনারকে। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ডাচরা। ৮ ওভার শেষে নেদারল্যান্ডস থামে ৮৫ রানে। ফলে ১৩ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। বোলিংয়ে তৃষ্ণা ও রিতু মনি নেন দুটি করে উইকেট।
তবে দিনের শেষে জয় কিংবা উইকেট নয়, আলোটা পুরোপুরি ছিল একজনের ওপর। সেই আলোয় দাঁড়িয়ে ছিলেন দিলারা আক্তার। ২২ বলে ফিফটি ছুঁয়ে তিনি শুধু একটি ম্যাচ জেতাননি, বাংলাদেশের নারী ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের নতুন এক দিগন্তও খুলে দিয়েছেন।











