চরম নাটকীয়তায় নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করলো জাপান

জয় প্রায় নিশ্চিতই ছিল নেদারল্যান্ডসের। কিন্তু ফুটবল যে ৯০ মিনিটের আগ পর্যন্ত অনিশ্চিত, তা আবারও প্রমাণিত হলো আজ।

​জয় প্রায় নিশ্চিতই ছিল নেদারল্যান্ডসের। কিন্তু ফুটবল যে ৯০ মিনিটের আগ পর্যন্ত অনিশ্চিত, তা আবারও প্রমাণিত হলো আজ। দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জাপানের অদম্য লড়াইয়ের কাছে আত্মসমর্পণ করতে হলো ডাচদের। ২-২ গোলের এই ড্র ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।

​ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ডাচরা গোলের জন্য মরিয়া থাকলেও জাপানের রক্ষণ দেয়াল ও গোলরক্ষক জিওন সুজুকি ছিলেন দারুণ তৎপর। বিশেষ করে ৩৪ মিনিটে ডনিয়েল মালেনের জোরালো হেড থেকে নিশ্চিত গোল তিনি আটকে দেন।

​বিরতির পরেই ম্যাচের চিত্রনাট্য বদলে যায়। ৫১ মিনিটে ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইকের দুর্দান্ত হেডে নেদারল্যান্ডস প্রথম লিড নেয়। কিন্তু মাত্র ছয় মিনিট পরেই জাপানের কেইতো নাকামুরা অসাধারণ এক আক্রমণে ম্যাচে সমতা ফেরান।

​ম্যাচ তখন পুরোপুরি উন্মুক্ত। ৫১ থেকে ৬৪ মিনিটের মধ্যে মাত্র ১৩ মিনিটের ব্যবধানে স্টেডিয়াম দেখে তিনটি গোল।৬৪ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে ক্রিসেনসিও সামারভিল দ্বিতীয়বারের মতো দলকে লিড এনে দেন।

ডাচ সমর্থকরা যখন জয়ের প্রহর গুনছেন, তখনই জাপানের পাল্টা আক্রমণ ডাচ রক্ষণকে তটস্থ করে তোলে। হাল ছেড়ে না দেওয়া জাপানের প্রচেষ্টা সফল হয় ম্যাচের ৮৯ মিনিটে।

শেষ মুহূর্তে দাইচি কামাদার করা এই গোলটি শুধু নেদারল্যান্ডসের জয়ই কেড়ে নেয়নি, বরং জাপানকে এনে দিয়েছে এক পয়েন্টের সম্মানজনক ড্র। শেষ বাঁশি বাজার পর দুই দলের পয়েন্ট ভাগাভাগির মধ্য দিয়ে শেষ হয় এক রুদ্ধশ্বাস ফুটবল লড়াই।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link