ফুটবলের কাছে একজন মানুষের চাওয়ার যেন শেষ নেই। কিন্তু গিলের্মো ‘মেমো’ ওচোয়া হয়তো সবই পেয়ে গেছেন। চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ শেষে আজতেকা স্টেডিয়ামের ঘাসে হাঁটু গেড়ে বসে ছিলেন মেক্সিকোর এই কিংবদন্তি গোলরক্ষক। পাশে পরিবার, সতীর্থরা, আর গ্যালারিজুড়ে হাজারো কণ্ঠে ধ্বনিত হচ্ছিল তার নাম। সেই অশ্রু বিদায়ের বেদনার নয়, বরং এক স্বপ্নপূরণের অনুভূতির।
২০০৪ সালে মাত্র ১৮ বছর বয়সে আজতেকা স্টেডিয়ামেই পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল ওচোয়ার। সেখান থেকেই শুরু হয়েছিল তার দীর্ঘ পথচলা। ২২ বছর পর, প্রায় ৪১ বছর বয়সে, একই স্টেডিয়ামে বিশ্বকাপের মঞ্চে লিখলেন ক্যারিয়ারের শেষ অধ্যায়। ফুটবল যেন তার জন্য নিখুঁত এক গল্পই সাজিয়ে রেখেছিল— যেখানে শুরু, সেখানেই সমাপ্তি।
চেক রিপাবলিকের বিপক্ষে মেক্সিকো তখন ২-০ গোলে এগিয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বও নিশ্চিত। ৭৭ মিনিটে অচোয়াকে মাঠে নামানো হলে পুরো আজতেকা দাঁড়িয়ে অভিবাদন জানায় তাকে। শুধু মেক্সিকান সমর্থকরাই নন, প্রতিপক্ষ চেক রিপাবলিকের বেঞ্চের খেলোয়াড়রাও ওয়ার্মআপ থামিয়ে হাততালি দেন। মাঠে নেমে কয়েক মিনিটের মধ্যেই নিজের উপস্থিতির জানান দেন তিনি। তার একটি চমৎকার পাস থেকেই তৈরি হয় অতিরিক্ত সময়ে মেক্সিকোর তৃতীয় গোলের আক্রমণ।

মেক্সিকোর বিশ্বকাপ ইতিহাসে ওচোয়া এক অবিচ্ছেদ্য নাম। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে অবিশ্বাস্য ছয়টি সেভ কিংবা ২০১৮ সালে জার্মানির বিপক্ষে নয়টি সেভ করে ঐতিহাসিক জয়ের স্মৃতি আজও উজ্জ্বল। আর এবার ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে নিজের নাম লিখিয়েছেন ইতিহাসে— ছয়টি বিশ্বকাপ খেলা মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে।
ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে ওচোয়া বললেন, “আমার প্রথম ম্যাচ আজতেকায়, শেষ ম্যাচও আজতেকায়। এটা আমার ক্যারিয়ারের এক সুন্দর পরিসমাপ্তি।”
আগেই ঘোষণা দিয়েছিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ। নকআউট পর্বে হয়তো তাকে আর মাঠে দেখা যাবে না, তবে বিশ্বকাপের ইতিহাসে তার গল্প বেঁচে থাকবে বহুদিন। কারণ কিছু ফুটবলার শুধু ম্যাচ খেলেন না, তারা স্মৃতি তৈরি করেন। আর গিলের্মো ওচোয়া সেই স্মৃতিরই এক উজ্জ্বল নাম।











