আফ্রিকার মাটিতে ইমনের ফাইফার!

দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে ইকবাল হোসেন ইমনের গুনে গুনে পাঁচ শিকার। বল হাতে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে ওঠেন এই বাংলাদেশি পেসার।

দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে ইকবাল হোসেন ইমনের গুনে গুনে পাঁচ শিকার। বল হাতে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে ওঠেন এই বাংলাদেশি পেসার। তাঁর বিধ্বংসী বোলিংয়েই ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার ব্যাটিং লাইনআপ কার্যত গুঁড়িয়ে যায়।

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ নিতে হয়েছে বাংলাদেশকে। এই ম্যাচে শুরুটা বাংলাদেশের অনুকূলে ছিল না। ওপেনিং জুটি থেকেই ১৪৮ রান পায় আফ্রিকার দলটা। বোঝাই যাচ্ছিল স্কোরবোর্ডে রানের পাহাড় গড়বে তারা।

তবে বাধা হয়ে দাঁড়ালেন ইমন। বল হাতে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালালেন। পঞ্চম ওভারের মাথায় জেসন মুইরহেডকে ফিরিয়ে প্রথম উইকেটের দেখা পান। এরপর বাকি ওভারগুলো জুড়ে আরও চার উইকেট নিজের ঝুলিতে ভরেন। তাতেই ২৪৮ রানে থামে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার রানের চাকা।

১০ ওভার হাত ঘুরিয়েছেন ইমন। ৪৩ রানের বিনিময়ে ফাইফার বাগিয়ে নিয়েছেন। এই পরিসংখ্যানটাই বলে দিচ্ছে কতটা উজ্জ্বল ছিলেন এই দিনে। লাইন-লেন্থ যেমন নিখুঁত ছিল, গতিতেও তেমনই প্রতিপক্ষের ব্যাটারদের পরাস্ত করেছেন। তিন ব্যাটারের স্টাম্প উপড়ে ভয় ধরিয়েছেন। দিনশেষে তাই দ্রুত গতিতে ছুটতে থাকা প্রতিপক্ষের রানের চাকার লাগামটা ইমনই টেনেছেন।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link