রাফিনহা-ইয়ামালের এই বার্সেলোনা অতি সহসায় থামছে না!

হোক লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ, এইবারের আসরে বার্সেলোনার ম্যাচ মানেই যেন গোলের বন্যা। আর সেই আক্রমণের প্রধান কাণ্ডারি রাফিনহা আর লামিন ইয়ামাল।

হোক লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ, এইবারের আসরে বার্সেলোনার ম্যাচ মানেই যেন গোলের বন্যা। আর সেই আক্রমণের প্রধান কাণ্ডারি রাফিনহা আর লামিন ইয়ামাল। সেই ধারাবাহিকতা বজায় থাকলো লেভান্তের সাথেও। লেভান্তের বিপক্ষেও ইয়ামালের জোড়া গোল আর রাফিনহার জোড়া অ্যাসিস্টে লিগের টপ পজিশন ধরে রাখল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ছয় ম্যাচে  ২০টি সরাসরি গোল অবদান ঝুলিতে পুরেছেন রাফিনহা ও ইয়ামাল জুটি।  প্রথাগত কোনো ‘নম্বর নাইন’ বা মূল স্ট্রাইকার না থাকা সত্ত্বেও বার্সার এমন অপ্রতিরোধ্য আক্রমণাত্মক ফুটবল এখন পুরো বিশ্বজুড়েই রোমাঞ্চ ছড়াচ্ছে।

মৌসুমের শুরুতেই রাফিনহাকে উইং থেকে সরিয়ে আক্রমণভাগের কেন্দ্রে বা ফ্রি রোলে ব্যবহার করার ট্যাকটিক্যাল সিদ্ধান্ত নেন কোচ। প্রথাগত নয় নম্বরের মতো বক্সের ভেতর স্থবির না থেকে রাফিনহা মাঝমাঠ ও উইংয়ের ফাঁকা জায়গায় নেমে এসে ডিফেন্ডারদের বিভ্রান্ত করছেন।

ছয় ম্যাচে আট গোল ও তিন অ্যাসিস্ট করা রাফিনহার অফ দ্য বল রান এবং প্রেসিং প্রতিপক্ষের সেন্ট্রাল ডিফেন্ডারদের বাধ্য করছে পজিশন ছাড়তে। ফলে ফাঁকা হওয়া স্পেসে ব্যাক লাইন ভেদ করে সরাসরি বক্সে ঢুকছেন লামিন ইয়ামাল ও রান ইন করা মিডফিল্ডাররা।

মৌসুমের প্রথম দুই ম্যাচে গোল না পাওয়ায় লামিন ইয়ামালকে নিয়ে ফুটবলপাড়ায় বেশ সমালোচনা হয়েছিল। কিন্তু মাঠে তাঁর উত্তর দিতে বেশি সময় নেননি বিশ্বজয়ী এই তারকা। লেভান্তের বিপক্ষেও জোড়া গোল হাঁকিয়ে টানা তিন লিগ ম্যাচে জোড়া গোল করলেন তিনি।

সব মিলিয়ে ছয় ম্যাচে তাঁর নামের পাশে এখন সাত গোল ও দুই অ্যাসিস্ট। ডান উইংয়ে ইয়ামালের ওয়ান অন ওয়ান ড্রিবলিং দক্ষতা প্রতিপক্ষের লেফট ব্যাককে ব্যাকফুটে রাখছে, আর রাফিনহার মুভমেন্টের সুযোগ নিয়ে সহজেই ইনসাইড কাট করে বক্সে ঢুকছেন তিনি।

আলভারেজ ডিল সম্পন্ন না হওয়ায় মৌসুম শুরুর আগে বার্সা সমর্থকদের জন্য প্রধান দুশ্চিন্তার কারণ ছিল নম্বর নাইন পজিশন। কিন্তু হ্যান্সি ফ্লিক তাঁর ট্যাকটিক্যাল মাস্টারক্লাস দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, ইয়ামাল-রাফিনহা-গর্ডন কিংবা সেই সাথে লোপেস, আদিয়েমিদের নিয়ে গড়া এই দলে গোল স্কোরারের অভাব নেই।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link