১২৭ রানের বিশাল জয়ে আফগানদের ধবলধোলাই করল ভারত!

দুই ওপেনারের ঝড়ো ব্যাটিং এ ২২১ রানের পাহাড় গড়ে ভারত, জবাবে আফগানিস্তান গুটিয়ে যায় মাত্র ৯৪ রানে। ১২৭ রানের বিশাল জয় দিয়ে সিরিজ শেষ করলো ভারত

আফগানিস্তানের বিপক্ষে  সিরিজ আগেই পকেটে পুরে ফেলেছিল ভারত। তবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে গা ছাড়া মনোভাব দেখাননি অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন। উল্টো ব্যাটিং তান্ডব আর রেকর্ডের ঝড় নিয়েই উপস্থিত হয়েছিলেন দুইজন, দুই ওপেনারের ঝড়ো ব্যাটিং এ ২২১ রানের পাহাড় গড়ে ভারত, জবাবে আফগানিস্তান গুটিয়ে যায় মাত্র ৯৪ রানে। ১২৭ রানের বিশাল জয় দিয়ে সিরিজ শেষ করলো ভারত।!

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন অভিষেক শর্মা। মাত্র ৩০ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি, যা টেস্ট খেলুড়ে দেশের কোনো ব্যাটারের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। রোহিত শর্মার ৩৫ বলের রেকর্ড ভেঙে দেন অভিষেক। ৩৪ বলে ৯ চার আর ১১ ছক্কায় ১০৮ রান করে আউট হন তিনি। এই ইনিংসেই বিরাট কোহলির পাশে বসে পড়েন সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরির তালিকায়।

অভিষেকের সঙ্গী সঞ্জু স্যামসনও কম যাননি। ৩৫ বলে ৫০ রান করেন তিনি, সিরিজে এটা তাঁর টানা দ্বিতীয় ফিফটি।

ভারতের রানের পাহাড়ের সামনে আফগান বোলাররা অবশ্য একদম নিষ্প্রভ ছিলেন না। মুজিব উর রহমান ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও শুরুতে বেশ কৃপণ বোলিং করেছিলেন, শেষ দিকে অভিষেকের তোপে খরচ বেড়ে যায়। রশিদ খান ৪ ওভারে ৪৩ রান দিয়ে একটি উইকেট পান, আব্দুল্লাহ আহমাদজাই আর ফজলহক ফারুকিও একই রকম খরুচে বোলিং করেন, দুজনে মিলে দেন প্রায় ৮০ রান। মোহাম্মদ নবী এক ওভারেই দেন ২৯ রান। মোটকথা কোনো বোলারই অভিষেক-সঞ্জু জুটির সামনে লাগাম টানতে পারেননি।

২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ১৫ রান তুলে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল আফগানিস্তান। কিন্তু এরপরই যেন হাল ছেড়ে দেয় তারা। মনে হচ্ছিল ম্যাচ জেতার তাগিদ নিয়ে কেউ নামেইনি, একটা-দুটো চার-ছক্কা মেরে আউট হয়ে ফিরে যাওয়াই যেন লক্ষ্য ছিল ব্যাটারদের। বল দেখে খেলা কিংবা পরিস্থিতি বুঝে ইনিংস গড়ার দায়িত্ব কেউ নিতে চাননি। রান তাড়ার চাপ ক্রমশ বাড়তে থাকায় নিজেরাই যেন সেই চাপে দিশেহারা হয়ে পড়েন, লড়াই না করেই ম্যাচ ছেড়ে দেন।

দলের ভেতর একমাত্র অধিনায়ক ইব্রাহিম জাদরান কিছুটা চেষ্টা করেছেন, ১৬ বলে ২৫ রান করেন তিনি। বাকি কেউই বিশ রানের ঘর পার হতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় ১৪.১ ওভারেই ৯৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

বল হাতে ভারতও ছিল দুর্দান্ত। নীতীশ কুমার রেড্ডি ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট, রবি বিষ্ণয়ও নেন ৩ উইকেট, খরচ করেন ২৬ রান। অক্ষর প্যাটেল ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ২ উইকেট, বাকি উইকেট দুটি যায় বুমরাহ আর যশ ঠাকুরের ঝুলিতে।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link