ছয় ফুট তিন ইঞ্চি উচ্চতার এক দানব ২২ গজে এসে ব্যাট ধরলেন। কাঁধে আর বাহুতে তাঁর অনবদ্য পাওয়ার হিটিংয়ের কারিকুরি। বোলার, ডেলিভারি কিংবা কন্ডিশন যেমনই হোক, অনায়াসে নির্লিপ্তভাবে ছক্কা হাঁকিয়ে যাওয়াতেই তাঁর সমস্ত ধ্যান। আর ফরম্যাটটা যদি হয় টি-টোয়েন্টি, তবে তো কথাই নেই! হ্যাঁ বলছি, টি-টোয়েন্টি ব্যাটিংয়ের ড্যাশিং ফেরিওয়ালা ক্রিস্টোফার হেনরি গেইলের কথা!
জ্যামাইকান এই ব্যাটিং দানবের খেলার দর্শনটা ছিল একদম স্পষ্ট, শুরুর ওভারগুলো দেখেশুনে খেলো আর সুযোগ পেলেই বোলারদের ওপর নির্মমভাবে চড়াও হও। ভয়ডরহীন মানসিকতা নিয়ে মাঠের চতুর্দিকে চার-ছক্কার বন্যা বইয়ে দিতে তিনি ছিলেন সিদ্ধহস্ত!
ভারী শরীর নিয়ে উইকেটের মাঝে দৌড়ে রান নেওয়ার বদলে তিনি শক্তি সঞ্চয় করতেন বলকে গ্যালারিতে পাঠাতে। নিজের শারীরিক গঠন, টাইমিং সেন্স আর হাতের শক্তিকে কাজে লাগিয়ে জায়গায় দাঁড়িয়ে মিড-উইকেট, লং অন কিংবা সোজা বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকানোই ছিল তাঁর আসল শক্তি।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৭ বলে ১১৭ রান করে এই সংস্করণের প্রথম সেঞ্চুরিয়ান বনে যান এই ক্যারিবীয় ব্যাটিং স্তম্ভ। পরে ২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফিও জেতান তিনি।
ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টি-টোয়েন্টিতে অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সের বদৌলতে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে চাহিদা বেড়ে যায় গেইলের। বিগ ব্যাশ, আইপিএল, বিপিএল ও সিপিএলে নিয়মিত বিধ্বংসী ইনিংস খেলার জন্য ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠেন এই বাঁহাতি ওপেনার। তবে, বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ২০১১ সালের নিলামে অবিক্রিত রয়ে যান তিনি। পরে বদলি খেলোয়াড় হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দিয়ে আসরটার দৃশ্যপটই বদলে দেন।
২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে তিনি ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ড গড়েন। ইনিংসটিতে রেকর্ড ১৭টি ম্যাক্সিমাম হাঁকান গেইল। ২০১২ আইপিএলে তাঁর ৭৩৩ রানের সাথে ৫৯টি ছক্কার রেকর্ড আজও রূপকথা হয়ে আছে দর্শকদের কাছে।

শুধুই কি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি? টেস্ট ক্রিকেট বা ওয়ানডেতেও কম যান না ১৯৭৯ সালের ২১ সেপ্টেম্বর জ্যামাইকার কিংস্টোনে জন্মানো এই ক্রিকেটার। টেস্টে ২০১০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৩৩ এবং ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৭ রানের দুটি মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। এ ছাড়া, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৭ বলে ২১৫ রান করে বিশ্বকাপের প্রথম দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন এই তারকা।
সে যাই হোক। ক্রিকেট বোদ্ধাদের চোখে, গেইল পুরোদস্তুর টি-টোয়েন্টি ব্যাটিং লিজেন্ডই বটে। গোটা খেলোয়াড়ি জীবনে জাতীয় দলে আর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে ৪৬৩টি ম্যাচ খেলে ১৪ হাজারের ওপর রান করেছেন তিনি। সংস্করণটিতে হাঁকিয়েছেন রেকর্ড হাজারের ওপর ছক্কাও। সর্বোচ্চ ২২টি টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিকও এই বিধ্বংসী হার্ড হিটার!
২০২১ সালে ক্রিকেটকে বিদায় জানালেও, খেলাটির সর্বকালের অন্যতম সেরা বিনোদনদাতা হিসেবে গেইলের নাম মোটা হরফে ইতিহাসে ঠাঁই পেতে বাধ্য! বাঘা বাঘা বোলারদের মারাত্মক সব ডেলিভারিকে তাঁর মতো অনায়াসে পাওয়ার হিটিংয়ের জাদুতে দৃষ্টির সীমানাছাড়া করার দক্ষতা কি আর কেউ দেখাতে পারবেন?











