বৃষ্টি ও মালয়েশিয়া – জোড়া প্রতিপক্ষ সামনে রেখে মাঠে নামছে বাংলাদেশ!

সেমিফাইনালে অপেক্ষা করছে পাকিস্তান, আর ফাইনালের আগে ভারতের মুখোমুখি হতে হবে না, এটুকু সুবিধা বাংলাদেশের আছে। কিন্তু সেই পথে হাঁটতে হলে আগে পার হতে হবে মঙ্গলবারের মেঘ, তারপর মালয়েশিয়া।

জাপানে পা রাখার পর থেকেই আকাশটা বাংলাদেশ দলের পিছু ছাড়ছে না। পৌঁছানোর পর একটানা বৃষ্টিতে অনুশীলনই করা যায়নি। রোববার অল্প সময়ের একটা সেশন পাওয়া গেছে, তাও কোনোমতে। অথচ ঘরের মাঠে দশ দিনের ক্যাম্প আর দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দল এসেছিল বেশ গোছানো মনে। 

মঙ্গলবার সেই দলটাই নামছে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে, প্রতিপক্ষ মালয়েশিয়া। অধিনায়ক লিটন দাস, কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। প্রত্যাশার ভার যে ভালোই আছে, সেটা কেউ লুকাচ্ছেন না এবং সেটা থাকাটাই স্বাভাবিক। 

কারণটা সোজা,নারী ক্রিকেট দল খালি হাতে ফিরেছে। ফলে পুরো দেশের চোখ এখন ছেলেদের দিকে। ২০১০ সালে গুয়াংজুতে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে জাতীয় দলের বদলি খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি সোনা জিতেছিল। ২০১৪ সালে পূর্ণ শক্তির দল নিয়ে গিয়েও ইনচনে মিলেছিল ব্রোঞ্জ। এবার আন্তর্জাতিক সূচির চাপ নেই বলে বিসিবি পাঠিয়েছে সেরা টি–টুয়েন্টি স্কোয়াড। স্বর্ণপদক পুনরদ্ধারের স্বপ্নটা তাই এবার আরও জোরালো।

মালয়েশিয়াকে অবশ্য হালকা করে দেখার সুযোগ নেই। ২০২৩ হাংজু গেমসে এই দলের বিপক্ষেই কাঁপতে কাঁপতে জিতেছিল বাংলাদেশ, শেষ বলে গড়ানো ম্যাচে ব্যবধান ছিল মাত্র দুই রান। মালয়েশিয়ার কোচ ডেভ হোয়াটমোর, যাঁর সহকারী হিসেবে একসময় কাজ করেছেন সালাহউদ্দীন নিজেই। কিছুদিন আগে বাংলাদেশের এইচপি ও অনূর্ধ্ব–২৩ দল মালয়েশিয়াকে সিরিজে ধবলধোলাই করেছে ঠিকই, কিন্তু কোচ চান না সেই ফল নিয়ে কেউ নিশ্চিন্ত হোক। তিনি বলেন “ এ রকম টুর্নামেন্টে আপসেট হতেই পারে, জিততে হবে খেলেই।” 

আপসেটের একটা কারণ পিচও। নারীদের ম্যাচগুলো হয়েছে একই মাঠে, একই উইকেটে। খেলা যত এগিয়েছে, উইকেট ততই ধীর হয়েছে। সালাহউদ্দীনের মতে টস এখানে বড় ভূমিকা রাখতে পারে।

আর সবচেয়ে বড় প্রশ্নটা তো রয়েই গিয়েছে আর সেটা হলো বৃষ্টি। এই আসরে ম্যাচ ভেসে গেছে একের পর এক, পাকিস্তান আর ভারত  কোয়ার্টার ফাইনাল না খেলেই শেষ চারে চলে গেছে। মালয়েশিয়ার ম্যাচ ভেসে গেলে র‍্যাংকিংয়ের জোরে বাংলাদেশও উঠে যাবে সেমিতে। শুনতে আরামের, কিন্তু কোচ একেবারেই খুশি নন। তাঁর যুক্তি, পাঁচ–সাত দিন ম্যাচের বাইরে থেকে হুট করে সেমিফাইনালে নামা কঠিন। প্রথম ম্যাচটা তাই খেলতে চান, ছন্দটা ধরতে চান।

সেমিফাইনালে অপেক্ষা করছে পাকিস্তান, আর ফাইনালের আগে ভারতের মুখোমুখি হতে হবে না, এটুকু সুবিধা বাংলাদেশের আছে। কিন্তু সেই পথে হাঁটতে হলে আগে পার হতে হবে মঙ্গলবারের মেঘ, তারপর মালয়েশিয়া।

ম্যাচ হলে লড়াইটা হবে ধীর উইকেটে, টসের দিকে চোখ রেখে। আর ম্যাচ না হলে বাংলাদেশ শেষ চারে উঠবে ঠিকই, তবে একটা বলও না খেলে, মাঠের কন্ডিশন না চিনে। কোনটা হবে, তা ঠিক করবে আকাশ। বাংলাদেশের হাতে শুধু একটাই কাজ, যেটাই আসুক, তৈরি থাকা। পদকের পথে প্রথম ধাপটা মঙ্গলবার সকালেই পরিষ্কার হয়ে যাবে।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link