জানুয়ারিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ?

ভেতরের খবর হল আবারও বাংলাদেশে এসেই খেলতে চায় পাকিস্তান, গেল সিরিজের দু:স্বপ্ন মুছে ফেলতে মরিয়া তাঁরা।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার আসন্ন ‘অনিশ্চিত’ সিরিজের জায়গাটা নিতে চায় পাকিস্তান। ২০২৭ সালের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগ্রহ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজ আয়োজনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

পিসিবির একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। তবে সিরিজটি ঠিক কবে হবে, তা এখনও নিশ্চিত নয়। কারণ ভারতের বিপক্ষে স্থগিত হয়ে যাওয়া সিরিজটি আগামী জানুয়ারিতে আয়োজন করা হবে কি না, সে সিদ্ধান্ত এখনো নেয়নি বিসিবি। ফলে জানুয়ারির আন্তর্জাতিক সূচি নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ভারত সিরিজ পুনর্নির্ধারণ করা হলে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সূচিতেও পরিবর্তন আসতে পারে। তাই এই মুহূর্তে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নির্দিষ্ট সময় চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না।

চলতি বছরের মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুরে অনুষ্ঠিত সেই সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। জানা গেছে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই মূলত বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আগ্রহী পাকিস্তান।

তবে সিরিজটি পাকিস্তানের মাটিতে হবে, নাকি বাংলাদেশের মাটিতে, সে বিষয়েও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে সিরিজ নিয়ে আলোচনা শুরু হলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। যদিও, ভেতরের খবর হল আবারও বাংলাদেশে এসেই খেলতে চায় পাকিস্তান, গেল সিরিজের দু:স্বপ্ন মুছে ফেলতে মরিয়া তাঁরা।

Share via
Copy link