১৭ বছর ধরে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ জেতা হয়নি ভারতের। বুধবার অকল্যান্ডে সেই অপেক্ষা ভাঙার লড়াই শুরু করছে শুভমান গিলের দল। টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জিতে আসায় আত্মবিশ্বাস আছে, তবে ওয়ানডে একেবারেই আলাদা পরীক্ষা।
এখন প্রশ্ন, কেমন হবে ভারতের একাদশ? ওপেনিংয়ে গিলের সঙ্গে রোহিত শর্মা, তিনে বিরাট কোহলি। এরপর শ্রেয়াস আইয়ার, আর গ্লাভস হাতে কেএল রাহুল। ছয় আর সাত নম্বরে নীতীশ কুমার রেড্ডি ও অক্ষর প্যাটেলের খেলার সম্ভাবনাই বেশি। দুজনই ব্যাটিংয়ে গভীরতা দেবেন, আবার বল হাতেও কয়েকটা ওভার করতে পারবেন।
এই সিদ্ধান্তের পেছনে মাঠের একটা হিসাবও আছে। ইডেন পার্কে ৮৬টি ওয়ানডের ৪৭টিতে জিতেছে পরে ব্যাট করা দল, আগে ব্যাট করা দল জিতেছে ৩৪টিতে। সীমানা ছোট, উইকেট ব্যাটিংবান্ধব। টস জিতলে অধিনায়করা তাই বোলিংই নিতে চান। রান তাড়া করা বা বড় রান গড়া, দুই ক্ষেত্রেই লম্বা ব্যাটিং লাইনআপ কাজে লাগবে। নামান ধীর ও ইশান কিশানের জায়গা পাওয়া তাই কঠিন। দুজন অলরাউন্ডার থাকায় আলাদা করে আরেকজন ব্যাটার খেলানোর দরকার পড়ছে না।

বোলিংয়ে স্পিনের দায়িত্ব কুলদীপ যাদব ও অক্ষরের। কুলদীপের ওয়ানডেতে দুইশর বেশি উইকেট, যদিও টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচও খেলেননি। পেস আক্রমণ সাজাতে হচ্ছে বুমরাকে ছাড়া, প্রসিদ্ধ কৃষ্ণাও চোটের কারণে বাইরে। নতুন বলে ইডেন পার্কে সুইং আর বাড়তি বাউন্স মেলে, তাই তিন পেসার নামবে ভারত। সিরাজের ফিটনেস নিয়ে অবশ্য সংশয় আছে। তিনি না খেললে সুযোগ বাড়বে আর্শদীপ সিং, গুরনূর ব্রার ও আনশুল কাম্বোজের।
সব মিলিয়ে ভারত খেলতে পারে সাত নম্বর পর্যন্ত ব্যাটিং আর পাঁচজন নিয়মিত বোলার নিয়ে। নীতীশ থাকবেন ষষ্ঠ বোলারের বিকল্প হিসেবে। রোহিত, গিল, কোহলি, শ্রেয়াস, রাহুল, নীতীশ, অক্ষর ও কুলদীপ প্রায় নিশ্চিত, সঙ্গে সিরাজ। বাকি দুই পেস স্পটের জন্য লড়াই অর্শদীপ, ব্রার ও কাম্বোজের মধ্যে।
স্বাগতিক দল নিউজিল্যান্ডও পুরো শক্তির দল পাচ্ছে না। রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান পুরো সিরিজেই নেই, প্রথম ম্যাচে নেই ডেভন কনওয়েও।
রেকর্ডের খাতায় চোখ থাকবে রোহিতের দিকে। ওয়ানডেতে তাঁর ছক্কা ৩৮১টি, ৪০০ হতে লাগবে আরও ১৯টি। ৫০ বা তার বেশি রানের ইনিংস ৯৮টি, ১০০ পূর্ণ করতে দরকার আর দুটি। কোহলির সামনে আছে আলাদা একটা তালিকা। সব সেনা দেশে ওয়ানডেতে ম্যাচ সেরা হওয়া ভারতীয় এখন তিনজন, কপিল দেব, শচীন টেন্ডুলকার ও রোহিত। কোহলির বাকি শুধু নিউজিল্যান্ড।

সিরিজ পাঁচ ম্যাচের, হাতে সময় আছে। তবে প্রথম ম্যাচেই জয় পেলে ১৭ বছরের অপেক্ষা ভাঙার পথে ভারত এক ধাপ এগিয়ে যাবে। অকল্যান্ডে কি সেই সুযোগ টা পাবে ভারত?
ভারতের সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, গুরনূর ব্রার।










