চার দেশের আফগানিস্তান বয়কট!

সাফল্যের মুকুটে একের পর এক পালক যুক্ত হচ্ছে, অথচ সেই মুকুটের আড়ালেই জমছে বিতর্কের কালো মেঘ। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের অগ্রযাত্রা যতটা উজ্জ্বল, মাঠের বাইরের বাস্তবতা ততটাই বিবর্ণ। একদিকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও স্কটল্যান্ডের দ্বিপক্ষীয় সিরিজে অনীহা, অন্যদিকে আইসিসির মঞ্চে একই দলের বিপক্ষে খেলতে সম্মতি!

সাফল্যের মুকুটে একের পর এক পালক যুক্ত হচ্ছে, অথচ সেই মুকুটের আড়ালেই জমছে বিতর্কের কালো মেঘ। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের অগ্রযাত্রা যতটা উজ্জ্বল, মাঠের বাইরের বাস্তবতা ততটাই বিবর্ণ। একদিকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও স্কটল্যান্ডের দ্বিপক্ষীয় সিরিজে অনীহা, অন্যদিকে আইসিসির মঞ্চে একই দলের বিপক্ষে খেলতে সম্মতি!

এর সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা তো রয়েছেই। সব মিলিয়ে আফগানিস্তানের ক্রিকেট এখন এমন এক গোলকধাঁধায়, যেখানে ব্যাট-বলের হিসাবের চেয়ে মাঠের বাইরের সমীকরণই যেন বেশি জটিল!

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও খেলাধুলার সুযোগ ক্রমেই সংকুচিত হয়েছে। বিশেষ করে নারী ক্রিকেট কার্যত থমকে গেছে। এই বাস্তবতায় নারীর অধিকার ও মানবাধিকার প্রশ্নে অবস্থান জানিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে। তবে আইসিসির টুর্নামেন্টে মুখোমুখি হতে তাদের আপত্তি নেই।

এবার সেই অবস্থানের সারিতে যুক্ত হয়েছে স্কটল্যান্ডও। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, নারী ক্রিকেট ও বৃহত্তর মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না আসা পর্যন্ত আফগানিস্তানের পুরুষ দলের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করবে না তারা। এমনকি আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে না। তবে আইসিসির প্রতিযোগিতায় খেলতে তাদের আপত্তি নেই। বোর্ডের বক্তব্য, আইসিসির আসরে অংশ নেওয়া মানে তালেবান সরকার কিংবা তাদের নীতিকে সমর্থন করা নয়।

তবে আফগানিস্তান-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের পেছনের গল্পটা কিছুটা ভিন্ন। এখানে মানবাধিকার প্রশ্নের পাশাপাশি জড়িয়ে আছে সীমান্ত সংঘাত, নিরাপত্তা ও রাজনৈতিক বৈরিতা। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের দেশে হামলা চালাচ্ছে।

যদিও কাবুল বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে। এরই মধ্যে ২০২৫ সালের অক্টোবরে পাকিস্তানে আয়োজনের কথা থাকা ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ায় আফগানিস্তান। পাকিস্তানি সামরিক হামলায় তিনজন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার অভিযোগ তুলে এমন সিদ্ধান্ত নেয় আফগান বোর্ড।

এর অবশ্য নজির আছে আরও আগে। ২০১৭ সালে কাবুলে ভয়াবহ বোমা হামলার পর পাকিস্তানের সঙ্গে প্রস্তাবিত ক্রিকেট ম্যাচ ও সমঝোতা বাতিল করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডও প্রস্তাবিত সিরিজ বাতিলের ঘোষণা দেয়। অর্থাৎ দুই দেশের রাজনৈতিক বৈরিতা যখনই তীব্র হয়েছে, ক্রিকেটের মাঠেও তার ছায়া পড়েছে।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link