ষোলোবার মুখোমুখি হয়েছে, জেতা তো দূরে থাক, দুটো ম্যাচ ড্র করতে পেরেছে মোটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাস এতটাই একপেশে। রোববার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে আবার সেই পরীক্ষা, আর প্রশ্নটাও সেই পুরোনো। এবার কি পারবে বাংলাদেশ?
দক্ষিণ আফ্রিকার মাটিতে গত দুই সফরের ফল দেখলে আশা করাটা কঠিন। ২০১৭ সালে দুই ম্যাচে ৩৩৩ রানে ও আরেকটি ইনিংস ও ২৫৪ রানে হেরেছিল, ২০২২ সালে হেরেছে ২২০ আর ৩৩২ রানে। ২০২৪ সালে ঘরের মাঠেও একই গল্প, দুই টেস্টেই হার। ব্যবধান যখন এত বড়, তখন বোঝা যায় ঠিক কতটা দূরত্ব দুই দলের মধ্যে।
এবার দূরত্ব কমেছে কি না, সেটাই দেখার। প্রোটিয়ারা এখন টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট হেরে পরের দুটো জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ২-১ ব্যবধানে। মার্কো ইয়ানসেন সিরিজে তুলেছেন ১৩ উইকেট। চোট কাটিয়ে ফিরেছেন ডি জর্জি, হামজা আর নরকিয়া, যদিও নরকিয়া প্রথম টেস্টে খেলবেন কি না, তা নিশ্চিত নয়। কোচ শুকরি কনরাড অবশ্য বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না। তাঁর কথা, “বাংলাদেশ কতটা হুমকি হতে পারে আমরা জানি, হাইভেল্ডের কন্ডিশনে ওদের পেসাররা খুব কার্যকর হবে বলেই আমরা আশা করছি।”

কনরাডের এই ভয় অমূলক নয়। বাংলাদেশ স্কোয়াডে রেখেছে পাঁচ পেসার, তাসকিন, হাসান মাহমুদ, শরীফুল, এবাদত আর খালেদ। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাসান মাহমুদ ৯০ রানে নিয়েছিলেন ৬ উইকেট। ওয়ান্ডারার্সের বাউন্স আর গতির সঙ্গে এই আক্রমণের মিল ভালোই, প্রথম সেশনগুলো ঠিকঠাক কাটাতে পারলে ম্যাচটা বাংলাদেশের নাগালে থাকবে।
ব্যাটিং নিয়েই যত দুশ্চিন্তা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারতে হয়েছে, সিলেটে ম্যাচ বাঁচাতে গিয়ে ঘাম ঝরেছে। সেখানে তাওহিদ হৃদয়ের অপরাজিত ২৪২ আর দ্বিতীয় ইনিংসের ৮২ না থাকলে ফলটা আরও খারাপ হতে পারত। দক্ষিণ আফ্রিকা সফরে ‘এ’ দলের হয়ে ৩৫০ রানের ইনিংসও খেলেছেন তিনি, তাই এখানকার উইকেটে তাঁকে নতুন করে কিছু শিখতে হবে না। মুশফিক, মুমিনুল আর লিটনের অভিজ্ঞতাও কাজে লাগবে, কিন্তু সবচেয়ে বেশি দরকার অধিনায়ক শান্তর ব্যাটে রান। সাদমান চোটে ছিটকে যাওয়ায় চার বছর পর দলে ফেরা নাইম শেখ অথবা ডান হাতি ব্যাটার হিসেবে প্রথম বার দলে জায়গা পাওয়া মাহফিজুল ইসলাম রবিন যিনিই জায়াগা পান তাঁর সাথে তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে তাঁদের জুটিটা কেমন দাঁড়ায়, সেটা ম্যাচের গতিপথ ঠিক করে দিতে পারে।
সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম মনে করেন, এই দল আগের প্রজন্মের চেয়ে অনেক বেশি পরিণত। তাঁর কথায়, “দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সব সময়ই বড় চ্যালেঞ্জ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হেরেছি, এটা অবশ্যই কিছুটা চাপ তৈরি করবে। তবে অনেক দূরের কথা না ভেবে নিজেদের ক্রিকেটটা খেলার দিকে মনোযোগ দেওয়া উচিত।”

ইতিহাসের বাইরে এই সিরিজের আরেকটা গুরুত্ব আছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পয়েন্ট শতাংশ এখন ৪৫.৮৩, অবস্থান পাঁচে, হাতে আছে মোটে চার টেস্ট। দুটো এই সফরে, বাকি দুটো ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এখান থেকে খালি হাতে ফেরা চলবে না।
সাউথ আফ্রিকার উইকেট ঐতিহ্যগতভাবে পেস আর বাউন্সের, যদিও সাম্প্রতিক সময়ে স্পিনাররাও কিছুটা সাহায্য পেয়েছেন। খেলা শুরু স্থানীয় সময় সকাল ১০টায়, বাংলাদেশ সময় দুপুর ২টায়।
দক্ষিণ আফ্রিকা কাগজে-কলমে অনেক এগিয়ে, ঘরের মাঠে তাদের হারানো সহজ নয়। কিন্তু ব্যাটাররা টিকে গেলে আর পেসাররা শুরুর ঘণ্টাগুলো নিজেদের করে নিতে পারলে, অন্তত লড়াইটা হবে। ইতিহাস বদলের শুরু তো সাধারণত ওখান থেকেই হয়।











