দুই জীবন পেয়ে উইল ইয়ংয়ের মহাকাব্যিক সেঞ্চুরি!

ইয়ংয়ের শুরুটা ছিল ভাগ্যের জোরে। প্রথম দুই ওভারেই আউটসাইড এজ হয়ে দুটি ক্যাচ ছুটল, একটি রোহিত শর্মার হাত থেকে, আরেকটি ঈশান কিষানের। সহজ সুযোগ হাতছাড়া হলে যা হয়, ইয়ং তার পুরো ফায়দা তুললেন।

দুই দুইবার জীবন পেয়েছিলেন উইল ইয়ং। সেই জীবনের দাম তিনি মিটিয়েছেন ১২৫ রানের দুর্দান্ত ইনিংসে। মাউন্ট মঙ্গানুইয়ে ভারতের বিপক্ষে তাঁর ব্যাটেই বড় সংগ্রহের পথে এগোল নিউজিল্যান্ড।

সিরিজে ঘরের মাঠেও সুবিধা করতে পারছিল না কিউইরা। প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করেও ব্যাটিং ধসে বড় স্কোর গড়তে পারেনি তারা। মাসুল দিতে হয়েছে বোলারদের, ভারতকে আটকানো যায়নি। এবার তাই শুরু থেকেই বড় রানের লক্ষ্য নিয়ে নেমেছিল ব্ল্যাক ক্যাপসরা। টিম সেইফার্টের সঙ্গে ইয়ংয়ের উদ্বোধনী জুটিতে ওঠে ৭৯ রান। প্রথম ১০ ওভারে ৭২ রান ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ঘরের মাঠে দ্বিতীয় সেরা শুরু। সেইফার্ট ৪৮ বলে ৫৮ রান করে ফেরেন, ওয়ানডেতে এটাই তাঁর প্রথম ফিফটি।

ইয়ংয়ের শুরুটা ছিল ভাগ্যের জোরে। প্রথম দুই ওভারেই আউটসাইড এজ হয়ে দুটি ক্যাচ ছুটল, একটি রোহিত শর্মার হাত থেকে, আরেকটি ঈশান কিষানের। সহজ সুযোগ হাতছাড়া হলে যা হয়, ইয়ং তার পুরো ফায়দা তুললেন।

শুরুতে ধীরে শুরু করলেও পরবর্তীতে  গতি বাড়িয়ে ৮৮ বলে পৌঁছে গেলেন শতকে। পিছিয়ে খেলে পুল, কাট আর পাঞ্চে বোলারদের ছিন্নভিন্ন করলেন। কুলদীপ যাদবের বিপক্ষে সুইপ আর রিভার্স সুইপে আত্মবিশ্বাস দেখালেন, উইকেট ছেড়ে এগিয়ে এসে ছক্কাও মারলেন।

ভারতের বিপক্ষে এটি তাঁর প্রথম সেঞ্চুরি। গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ১০৭ রানের পর ২৪ ইনিংসে তাঁর রান ছিল মাত্র ৪৫০, গড় ১৮.৭৫। সেই খরা কাটল সবচেয়ে দরকারের দিনে। শেষ পর্যন্ত নামান ধিরের বলে বদলি ফিল্ডার কুমার কুশাগ্রের ক্যাচে ১০৮ বলে ১২৫ রান করে ফেরেন তিনি, ইনিংসে ছিল ১৪টি চার আর ৪টি ছক্কা।

Share via
Copy link