ক্রিজে অবিচল যোদ্ধা, ডাগআউটে বিশ্বজয়ের কারিগর

ব্যাটার হিসেবে গ্যারি কার্স্টেন দিনের পর দিন উইকেটে কামড়ে পড়ে থেকে বোলারদের ঘাম ছোটাতে পারতেন, আবার ডাগআউটে দাঁড়িয়েও ঠিক একই ধৈর্য আর স্থিরতায় ভারতীয় ক্রিকেটকে তুলে ধরেছিলেন সাফল্যের চূড়ায়।

১৪ ঘণ্টা ক্রিজে পড়ে থেকে ২৭৫ রানের মহাকাব্য লেখা অবিচল এক ওপেনার, অন্যদিকে বিশ্বজয়ী কোচ। ব্যাটার হিসেবে গ্যারি কার্স্টেন দিনের পর দিন উইকেটে কামড়ে পড়ে থেকে বোলারদের ঘাম ছোটাতে পারতেন, আবার ডাগআউটে দাঁড়িয়েও ঠিক একই ধৈর্য আর স্থিরতায় ভারতীয় ক্রিকেটকে তুলে ধরেছিলেন সাফল্যের চূড়ায়। খেলোয়াড়ি জীবনে বিশ্বকাপ না ছোঁয়ার যে আক্ষেপ তাঁর ছিল, কোচের চেয়ারে বসে সেই শূন্যতাকেই পূর্ণতা দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান।

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর কেপটাউনে নিজের ক্রিকেট একাডেমি নিয়েই দিন কাটছিল কার্স্টেনের। সেই শান্ত সময়েই সুনীল গাভাস্কারের একটি ই-মেইল তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ‘ভারতীয় দলের কোচ হতে চাও?’ প্রথম বার্তাটিকে নিছক রসিকতা ভেবে উড়িয়ে দিলেও পরের ই-মেইলগুলো তাকে ভাবায়।

গাভাস্কারের সূত্রেই ভারতের মাটিতে পা রাখা, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সামনে মাত্র সাত মিনিটের সংক্ষিপ্ত সাক্ষাৎকার এবং কোচিংয়ের কোনো পূর্ব-অভিজ্ঞতা ছাড়াই বিশ্বের সেরা চাপের দলটির প্রধান কোচ হয়ে বসা – সবকিছুই ছিল অবিশ্বাস্য এক বাস্তবতা।

২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ধুঁকতে থাকা ভারতকে কার্স্টেন বদলে দেন আমূল। তাঁর অধীনেই টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠে ভারত, আর ২৮ বছরের অপেক্ষার ইতি টেনে জেতে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ। প্রায় চার বছরের সেই সফল অধ্যায় শেষে পরিবারকে সময় দিতে গিয়ে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি নবায়ন করেননি তিনি।

এরপর নিজ দেশ দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি ইন্ডয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনস ও ‘দ্য হান্ড্রেড’-এ কার্ডিফের মতো ফ্র্যাঞ্চাইজি আসরেও নিজের অভিজ্ঞতার ছাপ রেখেছেন।

ব্যাটসম্যান হিসেবে কার্স্টেন ছিলেন ধৈর্য আর ধারাবাহিকতার প্রতীক। ১৯৯৩ সালে ওয়ানডে ও টেস্টে অভিষেকের পর তিনি হয়ে ওঠেন প্রোটিয়া ব্যাটিংয়ের অন্যতম ভরসা। দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার কীর্তি গড়েন তিনি।

অবসরের সময় ১০১ টেস্টে ২১ শতকে ৭,২৮৯ রান করে দেশের সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক ছিলেন। সমকালীন সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে শতক হাঁকানো প্রথম ব্যাটসম্যানও তিনি। ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে ফলোঅনে পড়ে প্রায় ১৪ ঘণ্টা ক্রিজে টিকে থেকে ২৭৫ রানের মহাকাব্যিক ইনিংসটি আজও ক্রিকেটের ইতিহাসে স্মরণীয়। যা হানিফ মোহাম্মদের ৯৭০ মিনিটের ইনিংসের পর দ্বিতীয় দীর্ঘতম ধৈর্যের উপাখ্যান।

এছাড়া ১৯৯৬ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাঁর ১৮৮ রানের ইনিংসটি এখনো প্রোটিয়াদের সর্বোচ্চ। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারের বেশি রান ও ৩৪ সেঞ্চুরির স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন কার্স্টেন। ব্যাটার হিসেবে বিশ্বজয়ের স্বপ্ন অধরা থাকলেও কোচের আসনে বসে সেই আক্ষেপকে রূপ দিয়েছেন এক অনন্য কীর্তিতে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল!

দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুল হক সৌরভের ব্যাট যেন রানের চেয়ে হতাশারই জন্ম দিতে শিখেছে। নয় বছর ধরে পরিসংখ্যানের খাতায় জমেছে ব্যর্থতার পাল্লা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ১৫০ বলের ইনিংসে ১২টি চারের সাহায্যে ৭৭ রান করেছিলেন মুমিনুল হক। প্রোটিয়াদের দুর্গেও নিজের সামর্থ্যের পতাকা ওড়াতে পারবেন এই বাঁহাতি ব্যাটার। এমন ইনিংসের পর বরং এই আশা করাটাই যৌক্তিক! কিন্তু সেই আশার প্রদীপ যেন সেখানেই নিভে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও নয় ইনিংস খেলেছেন। তার সংগ্রহ মাত্র ২৯ রান! ১০ ইনিংসে ১০৬ রান, ব্যাটিং গড় ১০.৬০! একটি ইনিংসের ঔজ্জ্বল্য, আর বাকি সময়জুড়ে ব্যর্থতা। এমন পরিসংখ্যান যেকোনো ব্যাটারের জন্যই ভয়াবহ!

Share via
Copy link