হারের খাতা উল্টে দিতেন যিনি

ইংল্যান্ডের ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার কে? - এ নিয়ে তর্ক চলতেই পারে, তবে সেই আলোচনার কেন্দ্রে বোথামের নাম থাকবে অনিবার্যভাবেই।

একদিকে মাঠের বাইরের উদ্দাম জীবনযাপন, অন্যদিকে ২২ গজে নিখুঁত ধ্বংসলীলা – নিজের স্ববিরোধী সত্তাকেই সবচেয়ে বড় শক্তি বানিয়েছিলেন ইয়ান বোথাম। যাঁর ব্যাটে ছিল আগুনের হলকা আর বোলিংয়ে প্রতিপক্ষের শিরদাঁড়া বেয়ে নামত শীতল আতঙ্ক। আশির দশকের সেই উত্তাল সময়ে, কপিল দেব, ইমরান খান কিংবা রিচার্ড হ্যাডলির মতো মহীরুহদের ভিড়ে এই ইংলিশ তারকা ছিলেন একাই একশো।

সেই বিদ্রোহী সত্তার প্রথম ঝলক মিলেছিল ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টেই, যেখানে ৭৪ রানে পাঁচ উইকেট শিকার করে দলকে সাত উইকেটের জয়ে ভাসিয়ে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন বোথাম। পরের বছরগুলোতে তাঁর খেলায় যুক্ত হয় ভয়ডরহীন শট খেলার প্রবণতা, যার বড় দৃশ্য দেখা যায় ১৯৮২ সালে ওভালে ভারতের বিপক্ষে টেস্টে। পাঁচ নম্বরে নেমে তাঁর ২০৮ রানের মহাকাব্যিক দ্বিশতক প্রমাণ করে দেয়, ঝোড়ো আক্রমণের পাশাপাশি দীর্ঘ সময় ক্রিজে টিকে প্রতিপক্ষকে ভাঙার সামর্থ্যও তাঁর ছিল।

ব্যাটের সেই দাপট যখন প্রতিপক্ষকে চাপে ফেলত, তখন বল হাতে শেষ আশাটুকুও কেড়ে নিতেন এই অলরাউন্ডার। ১৯৮২ সালে মেলবোর্নে চতুর্থ টেস্টে ইংল্যান্ডের দেওয়া ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১৮ রানে ৯ উইকেট হারানোর পরও অ্যালান বোর্ডার ও জেফ থমসনের ৭০ রানের জুটি ম্যাচটিকে উত্তেজনার চূড়ায় নেয়। জয় থেকে অস্ট্রেলিয়া যখন মাত্র ৩ রান দূরে, তখন বোথামের নিখুঁত ডেলিভারিতে এজ হয়ে ফেরেন থমসন। ৩ রানের শ্বাসরুদ্ধকর জয়ে উল্লাসে ভাসে ইংল্যান্ড।

 

অসম্ভবকে সম্ভব করার গল্পে ১৯৮১ সালের অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট আজও সবার ওপরে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড তখন ৭ উইকেটে মাত্র ১৩৫ রান তুলে ৯২ রানে পিছিয়ে; সেখান থেকেই শুরু হয় বোথামের তাণ্ডব। ২৭টি চার ও ৬টি ছক্কায় গড়া তাঁর ১৪৯ রানের অপরাজিত ইনিংস ম্যাচের চিত্র বদলে দেয়, শেষ পর্যন্ত ১৮ রানের জয় পায় ইংলিশরা।

ব্যাট হাতে তাঁর আগ্রাসন পরের বছরগুলোতেও থামেনি। ১৯৮৫ সালের অ্যাশেজে ক্রিজে নেমেই ক্রেইগ ম্যাকডারমটকে প্রথম বলে ছক্কা হাঁকান বোথাম, আর ১৯৮৬ সালে ব্রিসবেন টেস্টে মারভেন হিউজের এক ওভারে ২৪ রান নিয়ে খেলেন ১৩৮ রানের ইনিংস, যা ছিল তাঁর শেষ টেস্ট শতক।

ক্যারিয়ারের গোধূলিবেলায় ১৯৯২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১ রানে ৪ উইকেট ও ৫৩ রানের ইনিংসে ইংল্যান্ডকে ৮ উইকেটের জয় এনে দেন তিনি। তবে একই আসরের ফাইনালে পাকিস্তানের কাছে ২২ রানে হারে ইংলিশরা।


পরিসংখ্যানের হিসাবনিকাশ পেরিয়ে বোথাম যেন এক উত্তাল সাগরের নাম। যেখানে ঢেউয়ের দাপটে বদলে যায় তীরের মানচিত্র। নিয়মের শাসন ভেঙে নিজের ছন্দে চলা সেই অবাধ্য ঝড় আজও স্মৃতির আকাশে বিদ্যুৎ চমকায়, আর কালের প্রবাহে মিলিয়ে না গিয়ে রয়ে যায় এক অবিনাশী রূপকের মতো।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link