কলকাতার ইডেন গার্ডেন্স, বাংলাদেশের সামনে নতুন এক চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ডে নাইট টেস্ট খেলার স্বাদ পাবে মুমিনুল হকের দল। শুধু বাংলাদেশের প্রথম ডে নাইট টেস্টই নয়, ম্যাচটি ছিল ভারতের মাটিতেও প্রথম গোলাপি বলের টেস্ট! তবে ঐতিহাসিক এই মুহূর্তের আনন্দের সঙ্গে বাংলাদেশের জন্য অপেক্ষা করছিল কঠিন বিপর্যয়। যার নাম দেওয়া যায়, গোলাপি বলের বিষাদ।
সেদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। আর শুরুতেই হোঁচট খেতে হয়। গোলাপি বলের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জের পাশাপাশি ভারতীয় পেসারদের গতির সামনে দাঁড়াতে পারেননি ব্যাটাররা। ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামির বোলিংয়ে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ইশান্ত একাই শিকার করেন পাঁচ উইকেট।
লাল বলের তুলনায় গোলাপি বলের দৃশ্যমানতা ও আচরণ ছিল বাংলাদেশের ক্রিকেটারদের কাছে নতুন অভিজ্ঞতা। বিশেষ করে ফ্লাডলাইটের আলোয় এবং গোধূলির সময় বলের সুইং ও সিম মুভমেন্ট সামলানো ব্যাটারদের জন্য হয়ে উঠেছিল বড় চ্যালেঞ্জ।

প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের মাঝেই ঘটে যায় আরও একটি ঘটনা। মোহাম্মদ শামির বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় লিটন দাস ও নাইম হাসানকে। তাদের পরিবর্তে কনকাশন বদলি হিসেবে মাঠে নামেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেটে একই ম্যাচে এক দলের দুই কনকাশন বদলি ব্যবহারের ঘটনাও ছিল এটিই প্রথম।
জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরুতে দুই উইকেট হারালেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। চেতেশ্বর পূজারার ৫৫ রানের পর ব্যাট হাতে আলো ছড়ান অধিনায়ক বিরাট কোহলি। ১৯৪ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন তিনি। অজিঙ্কা রাহানের ৫১ রানের সহযোগিতায় ৯ উইকেটে ৩৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। বাংলাদেশের সামনে দাঁড়ায় ২৪১ রানের লিড।
দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শুরুতেই আবারও এলোমেলো হয়ে যায় ব্যাটিং। মাত্র ১৩ রানে চার উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে দল। সেখান থেকে একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান মুশফিকুর রহিম। তার ব্যাট থেকে আসে ৭৪ রান। মাহমুদউল্লাহর ৩৯ রানও কিছুটা প্রতিরোধ গড়েছিল। কিন্তু সেই লড়াই যথেষ্ট ছিল না। ১৯৫ রানেই থেমে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ফলে ইনিংস ও ৪৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ইশান্ত শর্মা।

স্কোরকার্ডে বাংলাদেশের জন্য পড়েছিল একরাশ হতাশা। বিন্দুমাত্র লড়াই করার উপায় খুঁজে পায় বাংলাদেশ। অচেনা এক গোলক এসে গোলকধাঁধায় ফেলে দিয়েছিল বাংলাদেশকে। গোলাপি বলের আচরণ, ফ্লাডলাইটের নিচে খেলার চ্যালেঞ্জ এবং দিনের বিভিন্ন সময়ে ব্যাটিং-বোলিংয়ের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, সবকিছুই ছিল বাংলাদেশের ক্রিকেটারদের কাছে নতুন বিষয়। আর যার ভেতরে লুকিয়ে ছিল বিষাদের সুর।











