প্রথম বলে ভাগ্য হাসল, দ্বিতীয় বলে মুখ ফিরিয়ে নিল। সেঞ্চুরিয়নের সবুজ উইকেটে নাজমুল হোসেন শান্তর ইনিংস শেষ হলো মাত্র দুই বলে। ক্রিজে এসে প্রথম বলেই ব্যাটের কানা ছুঁয়ে চার পেলেন, মনে হচ্ছিল দিনটা হয়তো এবার তাঁর হবে। পরের বলেই নরকিয়ার বাইরের দিকে সরে যাওয়া বল ড্রাইভ করতে গিয়ে বোল্ড। অফ স্টাম্প উড়ে গেল, বাংলাদেশ তখন ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে। একই ওভারে নরকিয়া দুটি উইকেট নিলেন, আর বাংলাদেশের আকাশে তখন আবার মেঘ জমছে।
এই দৃশ্য নতুন নয়। এই ইনিংসের আগের দশ ইনিংসে শান্তর পঞ্চাশ পেরোনো ইনিংস একটাই, আফগানিস্তানের বিপক্ষে করা ৮২। সেটাও এমন এক ম্যাচে, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশই ছিল না। ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক ছয় ইনিংসে তাঁর রান ১২, ১১, ১৪, ১৮, ১০, ১৯। কোনোটাতেই কুড়ির দেখা মেলেনি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে ফিরেছিলেন প্রথম বলেই, রানের খাতা খোলার সুযোগও পাননি।

অথচ এই চক্রেই প্রথমবার ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ। ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় সেই স্বপ্ন এখন অনেকটাই ঝাপসা। ব্যাটিংয়ের এই দায় একা শান্তর নয়, তবে অধিনায়ক হিসেবে তিনি সামনের সারিতেই দাঁড়িয়ে। একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে বারবার, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, দক্ষিন আফ্রিকা সিরিজেও। আর সেসব সিদ্ধান্তে তাঁর ভূমিকাই সবচেয়ে বড়।
রান না পেলে ব্যাটারের আত্মবিশ্বাস নড়ে যায়, আর অধিনায়কের কাঁধে তখন বাড়তি ভার চেপে বসে। শান্ত এখন দুই ভার একসঙ্গে বইছেন। সামনের বলগুলো যেন আগের চেয়ে একটু বেশিই বাঁক নিচ্ছে, সিদ্ধান্তগুলোও একটু বেশি দেরিতে আসছে। ড্রেসিংরুমে ফেরার পথে তাঁর হাঁটার ভঙ্গিতেই হয়তো লুকিয়ে ছিল ক্লান্তির ছাপ, যা ক্যামেরায় ধরা পড়ে না, কিন্তু স্কোরবোর্ডে ঠিকই ধরা পড়ে। এখন একটাই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে শান্ত কি অনেক বেশি ক্লান্ত ?











