৪০ রানে এক উইকেট নেই। এই অবস্থা থেকে ৯১ রানে অলআউট। বাংলাদেশ বলেই হয়তো এটা সম্ভব। দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়িয়ে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পুরো দলের ব্যাটিং লাইনআপ। এ বছরে এই নিয়ে তিনবার ঘটল এমন ঘটনা।
সেঞ্চুরিয়নে বৃষ্টির কারণে চার ঘণ্টা পর অনুষ্ঠিত হয় টস। কয়েনটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার পক্ষে। বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় তারা। সেটা কতটা ভালো হয়েছিল, তা বুঝিয়ে দেন তানজিদ হাসান তামিম। দলীয় ছয় রানের মাথায় নিজের উইকেট বিসর্জন দিয়ে আসেন।

মাহফিজুল ইসলাম রবিন আর মুমিনুল হক মিলে সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। ৩৪ রানের জুটিটা আশা দেখাচ্ছিল দলকে। তবে এরপরই সুরের সুতো কেটে যায়। রবিন ফেরেন ৪০ রানের মাথায়, চার রান বাদে ফিরতে হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। দুজনের স্টাম্প উপড়ে নেন এনরিখ নরকিয়া।
৬০ রানের মাথায় মুমিনুল ফিরে গেলে সংখ্যাটা দাঁড়ায় চার। আর বাকি ৩১ রানের মধ্যেই ছয় উইকেট হারিয়ে ৯১ রানে অলআউট বাংলাদেশ। ব্যাটারদের মধ্যে যেন একটা তাড়া ছিল, কে আগে মাঠ ছুঁয়ে সাজঘরে ফিরতে পারে। মার্কো ইয়ানসেন আর কাগিসো রাবাদা ভাগাভাগি করে নেন ছয় উইকেট।

এরপর আর কিছু বাকি থাকে না। এই ম্যাচে যে বাংলাদেশ কোথাও নেই, তা আর দ্বিতীয়বার বলে দিতে হয় না। তবে বাংলাদেশ যতখানি ব্যর্থ, আফ্রিকা ততখানিই দাপট দেখিয়েছে। উদ্বোধনী জুটিতেই আসে ৪৯ রান। এবাদত হোসেনের হাত ধরে আসে বাংলাদেশের প্রথম সাফল্য। দিনশেষে বাংলাদেশের একমাত্র অর্জন ওটাই। ৮৮ রানে এক উইকেট হারিয়ে দিনশেষ করে দক্ষিণ আফ্রিকা।










