১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নিয়েছে ভারত, অবিশ্বাস্য শোনালেও রাইজিং স্টার্স এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এমন কিছুই করে দেখিয়েছে ভারতের এ দল, ২৫৪ রান তাড়া করে ৭ উইকেটের জয়, হাতে তখনো বাকি ৩৫.৪ ওভার। এমন বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলিং আক্রমণকে কার্যত অসহায় বানিয়ে দিয়েছে ভারত!
একটা সময় ওয়ানডে ক্রিকেটে আড়াইশো রান মানেই ছিল লড়াই করার মতো পুঁজি। পরিস্থিতি বুঝে সেই রান তাড়া করতেও খানিকটা চ্যালেঞ্জের মুখেই পড়ত যেকোনো দল।আধুনিক ক্রিকেটের এই ভারত যেন সেই পুরোনো ধারণাগুলোকে মিথ্যা প্রমাণ করছে।
আর এই অবিশ্বাস্য কাণ্ডের মূল চরিত্র ছিলেন বৈভব সুরিয়াভানশি! মাত্র ৫৩ বলে ২০৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন এই তরুণ। ইনিংসজুড়ে মেরেছেন সাতটি চার ও ২৮টি ছক্কা।

অর্থাৎ একাই বাউন্ডারি থেকে তুলেছেন ১৯৬ রান! নিজের করে নিয়েছেন একের পর এক রেকর্ড, অপরপ্রান্তে বসে তাকিয়ে তাকিয়ে যেন দেখলেন ভারতের অন্য ব্যাটাররা।
ভারতীয় ক্রিকেটের আগ্রাসী ব্যাটিং সংস্কৃতির ব্যাপ্তি এখন জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক ক্রিকেট, সবখানেই। এর সবচেয়ে বড় উদাহরণ লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে ছক্কা হাঁকানোর পরিসংখ্যান। ২৮টির বেশি ছক্কা মারার ঘটনা যেখানে বিরল, সেখানে গত বছর অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহার এক ইনিংসেই মেরেছিল ৩৮টি ছক্কা! যার মধ্যে একাই ১৫টি ছক্কা হাঁকিয়েছিলেন বৈভব।
সময়ের সঙ্গে বদলেছে ব্যাটিংয়ের ধরন, কৌশল, মানসিকতা। তবে ভারত যেভাবে সেই পরিবর্তনকে নিজেদের শক্তিতে পরিণত করছে, তা নিঃসন্দেহে আলাদা করে নজর কাড়ার মতো।












